চিহ্নিত আটজন ঢাকায় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির গতিরোধ করে উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করছে সন্ত্রাসীরা (বাঁয়ে)৷ হামলা শেষে নির্বিঘ্নে রাস্তা পার হচ্ছে তারা৷ গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি সড়কে এ হামলা চালানো হয় l ছবি: সংগৃহীত
গাড়ির গতিরোধ করে উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করছে সন্ত্রাসীরা (বাঁয়ে)৷ হামলা শেষে নির্বিঘ্নে রাস্তা পার হচ্ছে তারা৷ গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি সড়কে এ হামলা চালানো হয় l ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হককে হত্যায় সরাসরি জড়িত সন্দেহে আটজনকে ঢাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী৷ গতকাল শুক্রবার মামলার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
হামলার ঘটনাটি ধারণ করা একটি ভিডিওচিত্র দেখে এই আটজনকে শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রটি দাবি করে। এঁরা হলেন: আবিদ, রুটি সোহেল, জিহাদ চৌধুরী, শাহনান, সৈকত, শিপন, সিতাফ ও অনিক। এঁদের মধ্যে আবিদ প্রথম একরামকে গুলি করেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
আবিদ ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জমান আরা ওরফে বড় মনির ছেলে এবং স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই। আবিদসহ বাকি সাতজনও স্থানীয় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আবদুল্লা হিল বাকী ওরফে শিবলুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
অবশ্য এই আটজনকে আটকের কথা গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী স্বীকার করেনি। তবে র্যাবের একটি সূত্র জানিয়েছে, একরাম হত্যার ঘটনায় আটজনকে তারা শনাক্ত করেছে। খুব শিগগির তাদের আটক করা হবে।
এর বাইরে ফেনীর পুলিশ বৃহস্পতিবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার পরিতোষ ঘোষ। এঁরা হলেন সদর উপজেলার মধুয়াই গ্রামের আলাউদ্দিন (১৮) ও শর্শদির নোয়াবাদ গ্রামের আনোয়ার হোসেন (৩০)৷ এ নিয়ে গত দুই দিনে ফেনীর পুলিশ চারজনকে গ্রেপ্তার করল।
গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফেনীর পুলিশ সুপার বলেন, একরাম হত্যার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্য সব আসামির নাম ও অবস্থান জানার চেষ্টা চলছে। অভিযানও অব্যাহত রয়েছে।
এ হত্যার ঘটনায় ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী ও বর্তমান সাংসদ নিজাম উিদ্দন হাজারীর পরস্পরকে দোষারোপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, প্রয়োজন হলে এ দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, ‘রাজনৈতিক বক্তব্য দিয়ে তো তদন্ত হবে না। তাঁদের কারও কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে তাঁরা দিতে পারেন।’
ডেটলাইন ২০ মে: এলাকাবাসী জানান, সকাল ছয়টা থেকেই ফেনী শহরের উত্তর প্রান্তে একাডেমি সড়কের বিলাসী সিনেমার সামনে বেশ কিছু তরুণ ও কিশোরকে জড়ো হতে দেখেন তাঁরা। এঁদের কয়েকজন সেখানকার চা-দোকানগুলোতে চা পানও করেন। তরুণদের কয়েকজনের জিনসের প্যান্টের পেছনে গোঁজা ছিল ছুরি, চাপাতি বা কিরিচজাতীয় অস্ত্র। জামার ওপর ফুলে থাকা অস্ত্রগুলো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে তরুণেরা চা দিয়ে রুটি খেতে খেতে গল্পচ্ছলে বলছিলেন, তাঁদের মিছিল করার কর্মসূচি আছে, এ জন্য জড়ো হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই স্থানীয় মানুষের মুখচেনা, আশপাশের এলাকার বাসিন্দা। আবার কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে ওই তরুণদের সঙ্গে কথা বলে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ওই দিন আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান একরামকে হত্যার ঘটনার একটা বর্ণনা পাওয়া গেছে।
বেলা আনুমানিক ১১টা। একরামের প্রাডো গাড়িটি বিলাসী সিনেমা হলের কাছাকাছি আসে। প্রথমে বাপ্পী নামের এক তরুণ তিন চাকার একটি ময়লা ফেলার ট্রলি ধাক্কা দিয়ে রাস্তার মাঝখানে ফেলেন। একরামের গাড়ি ওই ট্রলিটিকে সজোরে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে বাপ্পীর গায়ে পড়ে। এতে বাপ্পী আহত হন, তাঁর বাড়ি বিলাসী সিনেমার উল্টা দিকে বড়বাড়ী এলাকায়।
বাপ্পীর পরে হামলাকারীরা একটি অটোরিকশা দিয়ে, তারপর একটি গ্যাসের সিলিন্ডার ছুড়ে মেরে একরামের গাড়িটি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে গাড়িটি ছিটকে গিয়ে সড়ক বিভাজকের সঙ্গে কাত হয়ে আটকে যায়। এরপর রাকিব নামের এক তরুণ প্রথমে গাড়ির কাচে কিরিচ দিয়ে কুপিয়ে কাচ ভেঙে ফেলে। সেই ভাঙা অংশ দিয়ে অস্ত্র ঢুকিয়ে একরামকে প্রথম গুলি করেন আবিদ। আবিদের বাসাও ঘটনাস্থলের উল্টো দিকে।
একরামের সঙ্গে গাড়িতে থাকা সাংবাদিক মহিবুল্লাহ ফরহাদ প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর একরাম গাড়িচালক মামুনের কোলে ঢোলে পড়েন। তখন কয়েকজন তরুণ ‘মারি হালা’, মারি হালা’ (মেরে ফেল) বলে চিৎকার করতে করতে কিরিচ দিয়ে একরামের শরীরের খোঁচাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, যে কজন কিরিচ দিয়ে একরামের দেহে খোঁচাচ্ছিলেন, তাঁদের মধ্যে স্থানীয় তরুণ শিপন ও আসিফকেও দেখা গেছে। এ পর্যায়ে রুটি সোহেল এসে কয়েকটি গুলি করে যান। এঁদের মধ্যে শিপনের বাড়ি শহরের বিরিঞ্চি, রুটি সোহেলের বাড়ি বিরিঞ্চির হ্যাংকার এলাকায় এবং আসিফের বাড়ি বনানীপাড়া এলাকায়। তিনটি এলাকাই ঘটনাস্থলের কাছাকাছি।
রুটি সোহেল গুলি করার পর ওই পর্যায়ে হামলাকারীরা চলে যান। তিন-চার মিনিট পর কয়েকজন হামলাকারী আবার গাড়ির কাছে ফিরে আসেন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট জুড়ে চলে তাণ্ডব। তাঁদের মধ্যে শহরের বারাহিপুর এলাকার কাওসার নামের এক তরুণ একরামের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে একরামের গাড়িতে থাকা চালকসহ চারজন বেরিয়ে যেতে সক্ষম হলেও একরাম গাড়িতে পড়ে ছিলেন। গাড়িতেই পুড়ে অঙ্গার হন আওয়ামী লীগের দাপুটে নেতা একরাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, একরামকে হত্যার পরে স্থানীয় একজন পৌর কাউন্সিলরের নেতৃত্বে একদল তরুণ ঘটনাস্থলের পাশে জি এ একাডেমি স্কুলসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণকেন্দ্রে (স্থানীয়ভাবে রিসোর্স সেন্টার হিসেবে পরিচিত) গিয়ে সেটি বন্ধ করে দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ভয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসে দেখেন, একটি গাড়ি জ্বলছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আক্রমণকারী তরুণদের মধ্যে বেশ কয়েকজন পৌরসভার স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা আবদুল্লা হিল বাকী ওরফে শিবলুর অনুসারী। আরও ১০ থেকে ১৫ জন হামলায় অংশ নেন, যাঁদের স্থানীয় ব্যক্তিরা চিনতে পারেননি। এঁদের বাইরের কোনো এলাকা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুঠোফোনে জানতে চাইলে কাউন্সিলর শিবলু প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর সঙ্গে একরামের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না। তাঁর যুক্তি, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটালে আমি আমার বাড়ির সামনে কেন ঘটাব?’
জয়নাল হাজারীর একসময়কার স্টিয়ারিং কমিটির প্রভাবশালী সদস্য শিবলুর দাবি, তিনি দুবার ফেনী পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সামনে ফেনী পৌরসভার নির্বাচন। কোনো একটি পক্ষ তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এসব ছড়াচ্ছে৷