চিহ্নিত করা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু তার পরও ভবনগুলোতে পাঠদান চলছে।

প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৮৪টি সরকারি, ২৯টি রেজিস্টার্ড ও দুটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৩টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র জানায়, চরকাছিয়া, উত্তর চরলক্ষ্মী, সিকদারকান্দি, হায়দরগঞ্জ টি আর এম, গোলকপুর, দক্ষিণ পূর্ব কেরোয়া, কেরোয়া ছবিলপুর, উত্তর চরপাতা, পশ্চিম কেরোয়া, কাঞ্চনপুর, শিবপুর কাঞ্চনপুর, সাগরদি, রাখালিয়া-১, ঝাউডগী, চরবংশী মজিদিয়া ও দক্ষিণ গাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া পূর্ব চরবংশী, হাওলাদার, চর ইন্দুরিয়া, চরবংশী বাবুরহাট, উত্তর চর আবাবিল, মধ্য রায়পুর ও চর বিকন্স ফিল্ড রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবনও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর বিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালা ভেঙে গেছে। বেশ কয়েকটি ভবনের ছাদের রড দেখা যাচ্ছে। বৃষ্টির সময় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত হয়।

দক্ষিণ-পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের ছাদ থেকে কংক্রিট পড়ে তিনি ও কয়েক শিক্ষার্থী আহত হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে গিয়ে তাঁদের বেগ পেতে হয়। কারণ, শিক্ষার্থীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, রায়পুরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় আতঙ্ক নিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হয়।

রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ২৩টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা করা হয়েছে। বরাদ্দ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের মাসিক সভায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদানের সময় শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে।