চিহ্নিত, তবু অধরা দুই মাদক ব্যবসায়ী

এলাকাবাসী, পঞ্চায়েত কমিটি, ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-সবাই জানে, পুরান ঢাকার নারিন্দা-বেগমগঞ্জ এলাকায় মাদকের মূল ব্যবসায়ী কারা। থানায় তাঁদের বিরুদ্ধে মামলাও আছে। প্রশাসনের কাছে আছে তাঁদের বাসাবাড়ির ঠিকানাও। কিন্তু তাঁরা আছেন ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উপ-অঞ্চল বলছে, নারিন্দা-বেগমগঞ্জ এলাকায় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন বেগমগঞ্জ লেনের বাসিন্দা শামসুজ্জামান শোয়েব ও নুরুজ্জামান ওরফে জামান ওরফে ফালান। তাঁরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে ইয়াবা, গাঁজা, পেথিডিন ও ফেনসিডিল এলাকায় আনেন। বিক্রি করেন তাঁদের সহায়তাকারীরা। এর মধ্যে জামান ওরফে ফালান এলাকায় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত। গাঁজা ও পেথিডিনের ব্যবসাও তাঁর হাতে। আর ফেনসিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ করেন শোয়েব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, তথ্য থাকলেও কৌশল ও জনবলের দিক দিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পেরে উঠছেন না তাঁরা। আর পুলিশ বলছে, মাদকের এই হোতাদের ধরতে তাদের তৎপরতা অব্যাহত আছে।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, এই দুই মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁদেরই কোনো কোনো কর্মচারী ও সোর্সদের সংশ্লিষ্টতা থাকতে পারে। এরা প্রশাসনের গতিবিধি আগাম জানিয়ে দেয়। কিন্তু এদের চিহ্নিত করতে পারছেন না তাঁরা।
মাদক নির্মূলে ১৭ মার্চ এলাকার দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উঠান বৈঠক করে গেন্ডারিয়া থানার পুলিশ। সেখানে দেওয়া বক্তব্যে পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরুল আমিন সোর্সদের চিহ্নিত করতে এলাকাবাসীর সহযোগিতা চান। একই অনুষ্ঠানে প্রকাশ্যে এলাকার মাদক ব্যবসায়ীদের নাম ঘোষণা করেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মিজানুর রহমান।
তিনি এলাকার মাদক ব্যবসার হোতা হিসেবে শামসুজ্জামান শোয়েব ও নুরুজ্জামান ওরফে জামান ওরফে ফালানের নাম উল্লেখ করেন। তালিকা ধরে পুলিশের ওই কর্মকর্তা আরও যাঁদের নাম বলেন, তাঁদের মধ্যে আছেন মো. সুমন, মো. সাইদুল, কালু ও নজরুল। এঁরা শোয়েব ও ফালানের সহায়তাকারী হিসেবে কাজ করেন।
এর আগে ৬ মার্চ বেগমগঞ্জ লেনে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের একটি দল। সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক মো. মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে যান তিনজন দারোগা ও একজন সিপাহি। সঙ্গে ছিলেন গাড়িচালক। হামলায় চালক মো. জুয়েল ও দারোগা আবু তাহের আহত হন। ওই ঘটনার পর গেন্ডারিয়া থানায় সরকারি কাজে বাধা দেওয়া, মাদক বহনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে অধিদপ্তর। ওই মামলায় নুরুজ্জামান ওরফে জামান ওরফে ফালানকে (৩৭) প্রধান আসামি করা হয়। তাঁর সহকারী উল্লেখ করে মামলায় আসামি করা হয় মো. স্বপন (৩০), মো. সাইদুল (৩২), মো. রানা (২৮), মো. জুলমত (২৫) ও মো. আরিফকে (২৭)।
মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, তাঁদের মধ্যে সাইদুলকে আটক করা হয়েছে। বাকিরা এখন এলাকাছাড়া।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফালানের বাসা ৩২ / ১ বেগমগঞ্জ লেনে। দীর্ঘদিন থেকে তিনি এই বাড়িতেই গোপনে ইয়াবার ব্যবসা করতেন। পরে ব্যবসার তথ্য ফাঁস হয়ে গেলে পরিবারসহ বাড়ি ছেড়ে চলে যান তিনি। এখন তিনি এলাকায় এসে সহকারীদের হাতে ইয়াবা তুলে দিয়ে চলে যান। সর্বশেষ ৬ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার সময় তাঁকে এলাকায় দেখা যায় বলে জানান বেগমগঞ্জ লেনের কয়েকজন বাসিন্দা।
আরেক মাদক ব্যবসায়ী শামসুজ্জামান শোয়েব থাকেন বেগমগঞ্জ লেনের ৪৫ / ১ নম্বর বাসায়। নিজ বাড়িতেই ১৯৯৬ সাল থেকে মাদকের ব্যবসা করেন তিনি। এই এলাকার ফেনসিডিলের ব্যবসা তাঁর নিয়ন্ত্রণে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে পুলিশের উঠান বৈঠকের সময়ও শোয়েবকে এলাকার মাদকের প্রধান ব্যবসায়ী বলে উল্লেখ করেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিভিন্ন সূত্রে শোয়েবের একটি মুঠোফোন নম্বর পাওয়া গেছে। সেই নম্বরে গতকাল বুধবার বিকেলে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফালানের কোনো যোগাযোগের নম্বর পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরুল আমিন প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) অবস্থান নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, যাচাই-বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার নারিন্দা-বেগমগঞ্জ এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক ব্যবসায়ী আর স্থানীয় ও বহিরাগত ক্রেতাদের উৎপাতে অতিষ্ঠ তাঁরা। তাঁদের প্রশ্ন, ব্যবসায়ীরা চিহ্নিত হওয়ার পরও কেন তারা ধরা পড়ছে না। প্রশাসন সবকিছু জানলেও এলাকায় কীভাবে মাদকের বিস্তার ঘটছে?
বাসিন্দাদের অভিযোগ, আগে গোপনে বিক্রি হলেও দুই বছর ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে এলাকার ওয়াসা রিজার্ভারের চারপাশ, নূর মসজিদের গলি, পঞ্চায়েত কমিটির অফিসের সামনের রাস্তা, ঘোড়া পট্টি, দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। স্থানীয় ক্রেতার পাশাপাশি এসব জায়গায় মাদক কিনতে আসেন বহিরাগতরাও। এরা রাস্তা ও গলির মোড়ে দাঁড়িয়ে ইভ টিজিংও করে স্কুলগামীদের।
ধনু ব্যাপারী হলুদ মসজিদের সামনে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বললেন, ‘মাদকের বিস্তারের কারণে উঠতি বয়সী ছেলেদের নিয়ে বেশি চিন্তায় থাকতে হয়। ব্যবসায়ীদের টার্গেট তো তরুণরাই।’
আরেক ব্যক্তি বলেন, ‘কারা ব্যবসা করে সেটা আমরা সবাই জানি। কিন্তু কিছু কওনের নাই। কইলেই আমরা তাঁদের টার্গেট হয়া যামু। তখন দেখা যাবে, আমাদের উপর উৎপাত শুরু হয়া যাবে।’
দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের গলির এক দোকানি বলেন, যারা মাদক সেবন করে, তাদের অত্যাচারই বেশি। টাকার জন্য এরা এলাকায় ছিনতাই, বাসাবাড়িতে এমনকি মসজিদের দান বাক্সের টাকা পর্যন্তও চুরি করে।
নারিন্দা ও বেগমগঞ্জ এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাহেদ বলেন, ‘পুরো এলাকাটাই খারাপ হয়ে গেছে। মাদকের বিস্তার অনেক বেশি।’
বেগমগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি তমিজ উদ্দিন বলেন, মাদকসেবীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ থেকে মুক্তি পাওয়ার জন্য পঞ্চায়েতের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।