আইন ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী চিহ্নিত অপরাধীদের চলতি বছরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইতিমধ্যে তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিচার ধারাবাহিক প্রক্রিয়ায় চলবে। ’৭২-এর সংবিধানে ফিরে গেলে আইন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী আরও বলেন, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লাসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করার পর বিরোধী দল নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তারা কত দূর যেতে পারে সে হিসাব সরকারের কাছে রয়েছে। যত বড় দলের যত বড় নেতাই হন না কেন, যুদ্ধাপরাধের প্রশ্নে তাঁদের ছাড় দেওয়া হবে না। দেশের ৯৮ শতাংশ গণমাধ্যমকর্মী যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে রয়েছেন মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ, পত্রিকার কাটিংসহ সব কিছু সংগ্রহের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তদন্তের স্বার্থে অগ্রগতি সম্পর্কে জানানো হচ্ছে না। শেখ রাসেল মেমোরিয়াল একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হাতছাড়া করেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই অপরাধীদের বিচারের বিষয়টি ছিল। ফলে আশা করছি, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার হবে।’সেমিনারে সভাপতির বক্তব্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, দেশে দুই ধরনের মুক্তিযোদ্ধা রয়েছে। একদল নিজের ইচ্ছায় যুদ্ধে গিয়েছে, অপর দল ঘটনাচক্রে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সেমিনারে অপর বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন জামায়াতের আন্তর্জাতিক মুরব্বি আছে উল্লেখ করে বলেন, ’৭১ সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান জামায়াতের পক্ষে ছিল। যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে তারা ক্ষমতায় গিয়ে কামরুল ইসলামদের বিচার করবে।