চিহ্নিত রাজাকার-আলবদর ও আলশামসের প্রধানদের দ্রুত বিচার শুরু হবে
জেলা ও উপজেলা পর্যায়ের চিহ্নিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর প্রধানদের দ্রুত বিচারের আওতায় বিচারকাজ শুরু করা হবে।
আজ রোববার জাতীয় সংসদে মোয়াজ্জেম হোসেনের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এ তথ্য জানান।
ফরিদুন্নাহার লাইলী ও নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দীর্ঘদিন থেকে ঢাকার হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্জ্য সেখানকার পরিবেশের মারাত্মক দূষণ করছে। সরকার হাজারীবাগ, লালবাগ ও সূত্রাপুরের ট্যানারিগুলো সাভারের হরিণধরা চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বর্জ্য শোধনাগার ও ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ শেষে ট্যানারিগুলো হরিণধরার চামড়াশিল্প নগরে স্থানান্তর করা হবে।
সালমা ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। অর্থ পাওয়া সাপেক্ষে এই ভাতা দেওয়া হবে।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী ফারুক খান বলেন, বিমানের মাসকাট, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়েত ও কুয়ালালামপুর রুট লাভজনক। তবে লন্ডন, রোম, দোহা, দুবাই, ব্যাংকক, দিল্লি, কলকাতা, হংকং, কাঠমান্ডু, সিঙ্গাপুর ও করাচি রুট অলাভজনক।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিমানের কেবিন ক্রুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পছন্দের পোশাক ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি উড়োজাহাজ পরিচালনায় নিরাপত্তার স্বার্থে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৈমানিক ও ক্রুদের পোশাকে ভিন্নতা আনার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে।
জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদে প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করা হবে।