চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগর এবং এর আশপাশে শিশু-কিশোরদের বিনোদনের জন্য কোনো শিশুপার্ক নেই। নেই বিনোদনের অন্য কোনো ব্যবস্থাও। পৌর উদ্যানটি বড়দের পায়চারির জায়গা। আর কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে। নতুন কোনো পশুপাখি আনা হচ্ছে না। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নানামুখী উন্নয়নকাজ করে একে ঢেলে সাজানোর জন্য আবেদন করেছেন এর ইজারাদার। ১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরী মৌজার ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন তৎকালীন জেলা প্রশাসক এ কে এম আবদুস সালাম। ওই জায়গার দশমিক ৭৫ একর জায়গা নিয়ে কুমিল্লা চিড়িয়াখানা আর ৯ দশমিক ৪০ একর জায়গা নিয়ে বোটানিক্যাল গার্ডেনের সীমানা নির্ধারণ করা হয়। বর্তমানে চিড়িয়াখানায় একটি সিংহ, নয়টি চিত্রা হরিণ, একটি শিয়াল, নয়টি বিভিন্ন প্রজাতির বানর, বিড়াল দুটি, ভালুক, অজগর ও ময়ূর একটি করে এবং তিনটি চিল রয়েছে। তার ওপর চিড়িয়াখানার সীমানাপ্রাচীর অনেক নিচু। বহিরাগত ও আশপাশের বাসিন্দারা দেয়াল টপকে এর ভেতর দিয়ে যাওয়া-আসা করেন। চিড়িয়াখানার সঙ্গে লাগোয়া বোটানিক্যাল গার্ডেনের অবস্থাও বেহাল। সেখানকার বিভিন্ন প্রজাতির গাছের মাটি সরে গেছে। একটু বৃষ্টি হলেই পানিতে সড়ক ডুবে যায়। অভ্যন্তরীণ সড়কেরও বেহাল অবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল বিপথগামী কিশোর, কিশোরী ও তরুণ-তরুণীরা সেখানে অবস্থান করে থাকে। ওদের কারণে অভিভাবক ও স্বজনেরা তাঁদের শিশুদের নিয়ে সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।এদিকে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের উন্নয়নমূলক কাজের জন্য বর্তমান ইজারাদার মামুনুর রহমান পাটোয়ারী ৪ অক্টোবর ১৩টি দাবি জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসকের কাছে। এর মধ্যে রয়েছে চিড়িয়াখানার সীমানাপ্রাচীর উঁচুকরণ ও এক হাজার ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ, চিড়িয়াখানার প্রবেশপথের মাটি ভরাট করা, পানকৌড়ি এলাকায় গ্রিল লাগানো, জলাবদ্ধতা দূরীকরণ, পানকৌড়ি রেস্তোরাঁর সংস্কার, দর্শনার্থীদের জন্য বড় আকারের চারটি শেড নির্মাণ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর চিড়িয়াখানা থেকে বাঘ-ভালুক-ময়ূরসহ অন্যান্য পশুপাখি আনা, সার্বক্ষণিক পশু চিকিৎসক, নালার ব্যবস্থা, কর্মচারীর সংখ্যা বাড়ানো, দুটি সড়কের সংস্কার ও উন্নয়ন। জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে জেলা পরিষদ কিছু উন্নয়নমূলক কাজ করেছে। ইজারাদারও বিভিন্ন দাবি জানিয়ে প্রস্তাব করেছে। আমরা জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে একে শিশুদের জন্য যুগোপযোগী করে তুলব। তা ছাড়া একটি শিশুপার্ক নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।’এদিকে শহরের ধর্মসাগরপাড়ের পৌর উদ্যানে শিশুদের শুধু বসার জায়গা ছাড়া তাদের কোনো ধরনের বিনোদনের ব্যবস্থা নেই। ২০০৮ সালের ২৭ আগস্ট কুমিল্লা পৌরসভার কাউন্সিলররা কুমিল্লায় একটি আধুনিক শিশুপার্ক নির্মাণের সিদ্ধান্ত নেন। এর আলোকে তৎকালীন কুমিল্লা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউল গনি ওই বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকারের সচিবের কাছে শিশুপার্ক অনুমোদনের জন্য চিঠি লেখেন। ওই চিঠির কোনো জবাব আজও মেলেনি। পরে কুমিল্লায় বেসরকারি ব্যবস্থাপনায় শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটিও আর এগোয়নি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ভাষা প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক ও সহযোগী অধ্যাপক মফিজুল ইসলাম বলেন, ‘আমার মেয়েটা বাইরে বেড়াতে খুব পছন্দ করে। কিন্তু শহরে ঘোরানোর কোনো জায়গা নেই। তাই বাবা-মেয়ে রিকশায় চড়ে বেড়াই। শহরে একটি শিশুপার্ক খুব প্রয়োজন।’