রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা চিড়িয়াখানা থেকে রহস্যজনকভাবে কিছুসংখ্যক পাখি উধাও হয়ে গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমে চুরি হওয়া পাখির সংখ্যা ১৫০ বলে জানালেও পরে বলছে ১১।গত রোববার রাতে চুরি হওয়ার পর মামলা করা হয় গত সোমবার রাতে। বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় গতকাল মঙ্গলবার সকালে।চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, তিনটি কাকাতুয়া, দুটি লাল টিয়া ও ছয়টি হলুদ টিয়া ১৮ নভেম্বর মধ্যরাতে চুরি হয়। পাখিগুলো চলতি বছর দক্ষিণ আফ্রিকা ও সিঙ্গাপুর থেকে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে আনা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র পাখিগুলো খাঁচা থেকে চুরি করেছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং মিরপুর থানার পুলিশ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য শংকর লাল মৃধা ও চান মিঞা নামের দুজন নিরাপত্তারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।পাখি চুরির ঘটনার এক দিন পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ মিরপুর শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করতে যায়। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা দায়ের করতে বলে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এ ধরনের ঘটনায় মামলা না করলে দোষীদের দ্রুত খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। তাই মামলা করতে বলা হয়।ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এম শহীদুল্লাহ বলেন, কোনো সংঘবদ্ধ পাখি চোরাকারবারি চক্র এই কাজ করেছে। তিনি বলেন, কাকাতুয়া ও টিয়া খানিকটা হিংস্র স্বভাবের পাখি। খাঁচায় মানুষের উপস্থিতি দেখে তাদের ওপর হামলা চালিয়েছিল পাখিগুলো। মেঝেতে রক্ত পড়ে ছিল।চুরি যাওয়া পাখিগুলোর খাঁচার কাছে গিয়ে দেখা যায়, মূল দরজার কড়া কাটা। এই খাঁচায় কতগুলো পাখি ছিল, এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছে না।বিষয়টি তদন্ত করতে পুলিশ গতকাল সকালে চিড়িয়াখানায় যায়। র্যাবের একটি দলও সেখানে যায়। তবে তারা এ বিষয়ে কিছু বলেনি।