চিড়িয়াখানায় এখন বাড়তি বিনোদন সাপের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ-ভালুক-বানর দেখতে গিয়ে বাড়তি বিনোদন এখন সাপের খেলা। এতে উচ্ছ্বসিত চিড়িয়াখানায় ভিড় করে শিশু-কিশোরেরা। সাপুড়ের হাতের ইশারায় ফনা তুলে নাচছে সাপ। মাঝেমধ্যে ছোবল মারতেও উদ্যত হয়। ভয়-জাগানিয়া ভালো লাগা শিশু আনিকা, আফরোজাদের। এখন থেকে প্রতি শুক্রবার চট্টগ্রাম চিড়িয়াখানায় এই সাপের খেলা দেখা যাবে। সাপের প্রতি সহনশীল হওয়া, ঝাঁড়ফুক ইত্যাদি থেকে দূরে থাকা, সাপ নিয়ে অযথা ভয়ভীতি দূর করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গতকাল শুক্রবার বিকেলে এ উদ্যোগ নিয়েছে। গতকাল প্রথম দিনে তিনজন সাপুড়ে পোষা কোবরা সাপ দিয়ে চিড়িয়াখানার খাঁচার পাশে সাপের খেলা দেখান। আর তা দেখার জন্য উপচে পড়া ভিড় জমে সেখানে। শিশু-কিশোর থেকে শুরু করে অভিভাবকেরাও। ‘একটু ভয় লাগে। তবু এটা এই প্রথম দেখেছি। তাতেই ভালো লাগছে।’—বলল বাবা-মায়ের সঙ্গে আসা আনিকা। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মনজুর মোরশেদ বলেন, ‘সাপ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং ভয়ভীতি দূর করতে এই উদ্যোগটি নিয়েছি। আমাদের দেশের একটি প্রবণতা হচ্ছে সাপ ক্ষতি করে, তাই দেখলেই মেরে ফেলতে হবে। কিন্তু বন্য এই প্রাণীটি আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ প্রচলিত কিছু কুসংস্কার যেমন সাপুড়ে দিয়ে ঝাঁড়ফুক ইত্যাদি থেকে দূরে থাকতেও পরামর্শ দিয়েছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মনজুর মোরশেদ। প্রশিক্ষিত সাপুড়ে লাকি আক্তার, রিপু আক্তার ও মো. খোকন এই খেলা দেখানোর দায়িত্ব পালন করেন। খোকন বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে সাপের খেলা দেখিয়ে বেড়াই। এখানে অনেক লোকের মধ্যে দেখাতে পেরে ভালো লাগছে। সাপকে যদি কেউ বিরক্ত না করে, তা হলে তারা কাউকে কামড় দেয় না।’