চিড়িয়াখানায় ধুঁকছে আয়ু পেরোনো ৩৭ প্রাণী

প্রমীলার গায়ে মাছি ভনভন করছে৷ কিন্তু মাছি তাড়াতে লেজ নাড়ানোর শক্তিও নেই ১৮ বছর বয়সী এই স্ত্রী বেঙ্গল টাইগারের৷ তার পায়েও ক্ষত৷ ক্রমশ শুকিয়ে যাওয়া শরীর নিয়ে শুয়ে আছে ঢাকা চিড়িয়াখানার বাঘের খাঁচায়৷
২১ বছর বয়সী পুরুষ বেঙ্গল টাইগার সম্রাট ঝিমাচ্ছে অন্য খাঁচায়৷ তিন বছর আগেও তার গর্জনে চিড়িয়াখানা কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে যেত৷ কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতায় এখন শয্যাশায়ী সম্রাট মাঝেমধ্যে মাথা তুললেও সেই জৌলুশ নেই৷ দর্শনার্থীদের চেঁচামেচি-হইচই কিংবা খাঁচার ভেতরে ছোড়া ঢিলেও বিকার নেই তার৷ এক পা অকেজো হয়ে গেছে৷
একই অবস্থা ঢাকা চিড়িয়াখানার গৌরব ১৯ বছর বয়সী চিতাবাঘ মধুর৷ ভারতীয় পুরুষ সিংহ সুমন অসুস্থতা ও দুর্বলতার জন্য সারাক্ষণই শুয়ে থাকে৷
৮ মে মিরপুরে অবস্থিত চিড়িয়াখানায় গিয়ে এমন হাল দেখা গেল প্রমীলা ও সম্রাটদের৷ চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা জানালেন, স্বাভাবিক জীবনকাল পেরিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির ৩৭টি প্রাণী বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছে৷ কয়েকটি ঠিকমতো খেতেও পারছে না৷ ধীরে ধীরে এগোচ্ছে মৃত্যুর দিকে৷ খাঁচা খালি থাকবে বলে এগুলোকে সরিয়েও নেওয়া যাচ্ছে না৷ গত ডিসেম্বরে মারা গেছে একটি পুরুষ উল্লুক৷
ঢাকা চিড়িয়াখানার ভেটেরিনাির সার্জন নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানা আইন না থাকায় বাধ্য হয়েই আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া প্রাণীদের মৃত্যু না হওয়া পর্যন্ত প্রদর্শন করা হয়৷ কোনো প্রাণী খুব অসুস্থ হয়ে পড়লে সেটিকে অভ্যন্তরীণ হাসপাতালে রাখা হয়৷ তিনি জানান, সাধারণত অন্য দেশের চিড়িয়াখানায় জীবনকাল পেরিয়ে যাওয়া বৃদ্ধ প্রাণীদের ইউথেশেনিয়া (বিশেষ ইনজেকশন) দিয়ে মেরে ফেলা হয়৷ বিশ্বের প্রায় সব দেশের চিড়িয়াখানা আইনে এটি স্বীকৃত৷ কিন্তু বাংলাদেশে চিড়িয়াখানা আইন না থাকায় এমন প্রাণীগুলোর কষ্ট দেখতে হয়৷
সরেজমিনে দেখা গেছে, সরীসৃপ গোত্রের প্রাণী গড়িয়ালের একটি ঠিকমতো চলতে পারছে না৷ গড়িয়ালের স্বাভাবিক জীবনকাল ২৯ বছর হলেও এটির বয়স ৪০ পেরিয়ে গেছে৷
চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক লোনাপানির একটি ইশ্চুয়ারাইন কুমিরের বয়স ৮৩ বছর৷ এটির থাবায় অনেক টিউমার হয়েছে, যেকোনো মুহূর্তে মারা যেতে পারে৷ কুমির স্বাভাবিকভাবে বাঁচে ৬০-৬৫ বছর৷
সাধারণত কেশোয়ারী পাখি ১৮-২০ বছর বাঁচলেও চিড়িয়াখানার পুরুষ কেশোয়ারী মানিকের বয়স এখন ৩০ বছর৷ সারাক্ষণই ঝিমায়৷ সারস ক্রেন প্রজাতির আয়ুষ্কাল ১৮-২১ বছর হলেও চিড়িয়াখানার এ প্রজাতির দুটি সারসেরই বয়স এখন ৩১ বছর৷ ঠিকমতো খেতেও পারে না৷ আয়ুষ্কাল ১৫-২০ বছর হলেও মদনটাক (হাড়গিলা পাখি) মুরাদ, দারা, সুজা ও বেলির বয়স ৩১ বছর পার হয়ে গেছে৷ পাখির খাঁচার কর্মচারী মো. সুজন জানান, চারটি মদনটাকই কেবল বসে বসে ঝিমায়৷

মাংসাশী শাখার ১০টি প্রাণী তাদের স্বাভাবিক জীবনকাল পেরিয়ে এখন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছে৷ বেঙ্গল টাইগার রাজা, তিনটি ভারতীয় সিংহী—মনীষা, বিউটি ও বাসমতী; ভারতীয় সিংহ সুমন, এশিয়ান কালো ভালুক মিলা ও পুরুষ ডিংগো কুকুরকে মৃত্যুপথযাত্রী প্রাণী হিসেবে চিহ্নিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ সুমনকে দেখা গেল রুগ্ণ শরীরে খাঁচার সামনের দিকে নিশ্চুপ শুয়ে আছে৷ কোনো দিকে তাকাচ্ছেও না৷ ওই খাঁচার কর্মচারী জানালেন, সুমন খেতেই চায় না৷ জোর করে খাওয়ালে কিছুক্ষণ পর বমি করে৷ গরমে সে আরও কাহিল হয়ে পড়েছে৷
ঢাকা চিড়িয়াখানার বৃহৎ তৃণভোজী প্রাণী শাখার সদস্য এশিয়ান স্ত্রী হাতি কুসুমতারা৷ হাতির স্বাভাবিক আয়ুষ্কাল ৬০ থেকে ৭০ বছর৷ ওই বয়সসীমাও কুসুমতারার পার হয়েছে পাঁচ বছর আগে৷ দাঁত নেই৷ খেতেই পারে না৷ সংশ্লিষ্ট কর্মচারীরা কুসুমতারার জন্য খাবার কুচি কুচি করে দেন৷ কোনোরকমে গেলে৷ হজমেরও সমস্যা আছে৷
জলহস্তী দম্পতি গাজী ও রূপবানের বয়স ৩২ পার হয়ে গেছে৷ স্বাভাবিক জীবনকাল ২৫-৩০ বছর৷ স্ত্রী গয়াল মমতার অবস্থা তুলনামূলক ভালো হলেও স্বাভাবিক আয়ুষ্কাল পার করছে বলে কর্তৃপক্ষ তার প্রতি বিশেষ নজর রাখছে৷
কর্মচারীরা জানান, বয়সের ভারে এসব প্রাণী ঠিকমতো চলাফেরাও করতে পারে না৷ বার্ধক্যজনিত অসুস্থতায় মাঝেমধ্যে প্রাণীগুলো এত কষ্ট পায় যে খাবার দেওয়ার দায়িত্বে থাকা কর্মচারীরাও কেঁদে ফেলেন৷
ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মাকসুদুল হাসান হাওলাদার বলেন, ‘চিড়িয়াখানা আইন পাস না হওয়া পর্যন্ত অসুস্থ প্রাণীগুলোর কষ্ট দেখা ছাড়া উপায় নেই৷ এ বিষয়ে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়, এমনকি সচিব পর্যায়ের বৈঠকেও আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু আজও এই আইন পাস হয়নি৷ অসুস্থ ও বৃদ্ধ প্রাণীগুলোকে এই অবস্থায় প্রদর্শন করা একধরনের নির্মমতা ছাড়া কিছুই নয়৷’ তিনি জানান, নতুন প্রাণী না আনলে এদের খাঁচা থেকে সরানো যাচ্ছে না৷ সরালে খাঁচা খালি থাকবে, দর্শনার্থীরা বঞ্চিত হবে৷