চিড়িয়াখানায় পণ্যের চড়া দাম ফটকে অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঢাকা চিড়িয়াখানায় দর্শনার্থীদের কাছ থেকে খাদ্যসামগ্রীর চড়া দাম আদায়ের ঘটনা ঘটেছে। আবার উৎকোচের বিনিময়ে চিড়িয়াখানার মূল ফটকে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগ পাওয়া গেছে।চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, পণ্যের গলা কাটা দাম আদায়ের ঘটনা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস নিজ হাতে ধরেন ঈদের দিন বিকেলে। আর অবৈধভাবে দোকান বসানোর বিষয়টি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন বৈধভাবে ইজারা পাওয়া রেস্তোরাঁর মালিকেরা।চিড়িয়াখানার সূত্র জানায়, ঈদের দিন বিকেলে চিড়িয়াখানা পরিদর্শনে যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। হাতির প্রকোষ্ঠের কাছে ঈগল রেস্তোরাঁর কাছে গেলে একজন দর্শনার্থী মন্ত্রীর কাছে অভিযোগ করেন, কোকাকোলার ৫০ টাকা দামের একটি ক্যান ৭০ টাকা নিচ্ছেন দোকানি। মন্ত্রী সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর কর্মচারীদের জিজ্ঞেস করেন, কিন্তু সদুত্তর পাননি। রেস্তোরাঁগুলোয় এভাবে পণ্যের চড়া দাম আদায়ের ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।ঢাকা চিড়িয়াখানার ভেতরে চারটি ও ফটকের বাইরে পাঁচটি রেস্তোরাঁ ইজারা দেওয়া হয়েছে। ঈদের কয়েক দিনে চিড়িয়াখানায় কয়েক লাখ দর্শনার্থীর আগমন হয়। এ সময়টায় দর্শনার্থীরা খাওয়াদাওয়া করতে গিয়ে চড়া দাম দিতে বাধ্য হন।ইজারা পাওয়া একাধিক রেস্তোরাঁর মালিক জানান, চিড়িয়াখানার প্রধান ফটকের আশপাশে চাঁদরাতে হঠাৎ অবৈধভাবে অন্তত ৩০টি দোকান বসানো হয়। চিড়িয়াখানার কিউরেটরকে জানানো হলেও এসব দোকান সরাতে কর্তৃপক্ষ কোনো ভূমিকা নেয়নি। সরেজমিনে দেখা যায়, বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে এসব দোকান তৈরি করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার জানান, চিড়িয়াখানার দুজন কর্মকর্তা এক সপ্তাহের জন্য এসব দোকান বসিয়েছেন। এর জন্য দোকানভেদে সাত দিনের জন্য সাড়ে তিন হাজার থেকে সাত হাজার টাকা নেওয়া হয়েছে।ঢাকা চিড়িয়াখানায় ইজারা পাওয়া ‘ময়ূরী’ ও ‘গাংচিল’ রেস্তোরাঁর মালিক মো. আজাদ উল্লাহ আজম প্রথম আলোকে বলেন, ‘আমি দুটি রেস্তোরাঁ ইজারা নিয়েছি এক বছরের জন্য। ইতিমধ্যে ২৯ লাখ টাকা জমা দিয়েছি। ঈদের সময় ভালো বেচাকেনা করব বলে অপেক্ষায় আছি। অথচ ঈদের আগের রাতে হঠাৎ ৩০ থেকে ৪০টি দোকান বসানো হয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন বলেন, ‘পার্কিং ইজারাদার ও ইজারা পাওয়া রেস্তোরাঁর মালিকেরাই টাকার বিনিময়ে অবৈধভাবে এসব দোকান বসিয়েছে। আমরা র‌্যাব-পুলিশ নিয়ে তাদের উচ্ছেদ করি, তারা আবার বসে।’অভিযোগ পেয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোছাদ্দেক হোসেন গতকাল রোববার বিকেলে চিড়িয়াখানায় যান। জানতে চাইলে বিকেল সাড়ে চারটার দিকে তিনি বলেন, ‘আমি উপস্থিত থেকে বেশ কিছু অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করেছি।’বিকেল সোয়া পাঁচটার দিকে ‘ময়ূরী’ ও ‘গাংচিল’ রেস্তোরাঁর মালিক মো. আজাদ উল্লাহ দাবি করেন, একটি অবৈধ দোকানও উচ্ছেদ করা হয়নি। তিনি সব অবৈধ দোকান উচ্ছেদের দাবি করেন।