আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চীন ও ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এ দুটি দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে দেশের অর্থনীতিসহ সব ধরনের সুবিধার দ্বার উন্মুক্ত হবে।কিশোরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গতকাল শুক্রবার রাতে নাগরিক সংবর্ধনায় মন্ত্রী এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের একদিকে ভারত, অন্যদিকে চীন। বিশ্বের অর্থনৈতিক নতুন শক্তি হিসেবে প্রতিবেশী এ দুই রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। গত বছর আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপে ২৫ হাজার মিলিয়ন গার্মেন্টস পোশাক রপ্তানি করেছি। পার্শ্ববর্তী দুই দেশের সঙ্গে এ ব্যবসা করা গেলে আমরা দুই হাজার মিলিয়ন পোশাক রপ্তানি করতে পারব।’ তিনি বলেন, ‘আমাদের সমুদ্রে যে নতুন গভীর বন্দর স্থাপন করা হবে, তার অন্যতম অংশীদার হবে চীন। সেভাবে চিন্তা করে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ আগামী দুই বছরের মধ্যে কিশোরগঞ্জে একটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘দুর্নীতি হচ্ছে কি না, তা তদারকি করার দায়িত্ব আপনাদের। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। দুর্নীতিকে দূরে ঠেলে দিতে পারলে সব ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব হবে।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘শহরে ঢুকলে সড়কের করুণ অবস্থা দেখলে খারাপ লাগে। অনেকেই বলেন, কিশোরগঞ্জে যে রকম বড় বড় নেতা, সড়কে সে রকম বড় বড় গাতা।’ তিনি বলেন, ‘এই গাতা (গর্ত) আমরা করিনি। আগে যারা ছিল, তারা সঠিকভাবে কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সব রাস্তার টেন্ডার হয়েছে। শীত মৌসুমেই শহরের অবস্থার আমূল পরিবর্তন হবে।’ তিনি জানান, জেলার ১৩টি উপজেলায় ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার সুফল কিছু দিনের মধ্যে পাওয়া যাবে।পৌর মেয়র মাজহারুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন, প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান প্রমুখ। এর আগে সুইচ জ্বালিয়ে শহরে সোডিয়াম বাতির উদ্বোধন করা হয়।