চীন ও ভিয়েতনামের অভিনন্দন
ভারতের পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং নতুন করে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘চীন সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’
অভিনন্দন বার্তায় চীন ও বাংলাদেশকে ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় দুই দেশের মধ্যে সহযোগিতার সব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
লি কেকিয়াং আরও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ব্যাপকভিত্তিক ও সহযোগিতামূলক অংশীদারিকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যার দিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং দুপুরে বিজেপির নেতা এল কে আদভানি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ ও সরকার গঠন করায় শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন। তথ্য উপদেষ্টা আরও জানান, মিয়ানমার ও ব্রুনেইও প্রধানমন্ত্রীকে পৃথকভাবে অভিনন্দন জানিয়েছে।
ভিয়েতনামের অভিনন্দন: বাসস জানায়, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার এক বার্তায় নগুয়েন তান দুং আশা প্রকাশ করেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অধিকতর সমৃদ্ধ ও সুখী দেশ গঠনে বাংলাদেশ অব্যাহতভাবে অগ্রগতি অর্জন করবে। তিনি বলেন, ভিয়েতনাম দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমাত্রিক সহযোগিতার আরও উন্নয়নে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে।