চীন কখনোই ভারতকে প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে না: রাষ্ট্রদূত লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘চীন কখনোই ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে না। বরং ভারতকে সুপ্রতিবেশী বিবেচনা করে চীন। আমরা এখনো আশা করি, চীন-ভারত সম্পর্ক আরও ভালো হতে পারে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় এ অঞ্চলে ভারত ও চীনের প্রতিযোগিতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে লি জিমিং এ কথা বলেন।

চীন ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করে লি জিমিং বলেন, ‘সাংহাই অর্গানাইজেশন কিংবা এশীয় অবকাঠামো বিনিয়োগসহ নানা ক্ষেত্রে এক দেশ অন্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এখনো আমরা একসঙ্গে বেশ ভালোভাবে কাজ করছি। কাজেই কখনো এটা ভাবা উচিত হবে না যে ভারতের প্রতি চীনের বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব কাজ করছে।’

লি জিমিং বলেন, ‘ভারতের প্রতিবেশী বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে বলছি, চীন-ভারত সম্পর্ক যে ভবিষ্যতে আরও ভালো হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত।’ বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লি জিমিং।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম, সাবেক পররাষ্ট্রসচিব সমশের মোবিন চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। ভার্চ্যুয়াল আলোচনায় স্বাগত ও সমাপনী বক্তৃতা দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।