চীন গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহায়তা দিতে আগ্রহী: নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র পরিবহনে সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের সোনাদিয়ায় বহুল প্রতীক্ষিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন।বাংলাদেশে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জুন গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে তাঁর পরিচয়পত্র পেশকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে এই বন্দর নির্মাণের লক্ষ্যে জরিপ চালিয়েছে। আমরা এখন বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় আছি।’ খবর বাসসের।নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আরও জানান, চীন বাংলাদেশ সরকারকে এ দেশে থ্রি-জি (তৃতীয় প্রজন্ম) স্থাপন ও ২ দশমিক ৫-জি টেলিফোন প্রযুক্তির বিষয়ে সহায়তা করবে।বঙ্গভবনে চীনা রাষ্ট্রদূতকে রাষ্ট্রপতি স্বাগত জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঢাকা থেকে মিয়ানমার হয়ে চীনের কুংমিন পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।বিমানবাহিনীপ্রধানের সাক্ষাৎ: বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁর সিঙ্গাপুর সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। এস এম জিয়াউর রহমান ‘থার্ড সিঙ্গাপুর এয়ার শো অ্যান্ড এশিয়া প্যাসিফিক কনফারেন্স’-এ যোগদান শেষে গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ওই অনুষ্ঠানে ৩০টি দেশের বিমানবাহিনীর প্রধান এবং অ্যারোপ্লেন মেশিনারি উৎপাদনকারীদের ২০০ প্রতিনিধি যোগ দেন।রাষ্ট্রপতি মনোযোগসহকারে বিমানবাহিনীর প্রধানের বক্তব্য শোনেন এবং বিমানবাহিনীর চলমান আধুনিকায়ন-প্রক্রিয়ায় সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দেন।