চীন থেকে আর সার আমদানি করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে কম ও নিম্নমানের হওয়ায় চীন থেকে আর সার আমদানি করা হবে না। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব।
সংসদ ভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত অর্থবছরে চীন থেকে আমদানি করা সার নিম্নমানের ছিল। প্রতি বস্তায় ৫০ কেজির জায়গায় ৪০-৪২ কেজি সার ছিল। এর ফলে ডিলাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে চীন থেকে সার আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী কোন কোন দেশ থেকে সার আমদানি করা হবে সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি নীতিমালা তৈরির কথা বলেন। তিনি আরও বলেন, আমদানি করা জমাটবাঁধা সার গুঁড়া করে বিক্রি করা গ্রহণযোগ্য নয়।
ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী ও রহিম উল্লাহ অংশ নেন।