চীন থেকে বেশির ভাগ অস্ত্র কেনা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭ রাইফেল। ছবি: প্রথম আলো
অবৈধ অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭ রাইফেল। ছবি: প্রথম আলো

চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের বেশির ভাগই চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) তৈরি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বাকি অস্ত্রশস্ত্র ভিয়েতনাম, কম্বোডিয়া এমনকি থাইল্যান্ডের অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে আন্তর্জাতিক কালোবাজার থেকে কেনা হয়। যদিও এসব অস্ত্রের গায়ে কোনো দেশের নাম লেখা নেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চীনের আধাসরকারি প্রতিষ্ঠান নোরিনকো থেকে অস্ত্র কেনা খুব কঠিন কিছু নয়। তবে অস্ত্র কিনতে হয় নির্ধারিত কিছু এজেন্টের মাধ্যমে। এসব এজেন্টের মাধ্যমে যোগাযোগ স্থাপনের পর ‘সর্বশেষ ব্যবহারকারীর সনদ’ (এন্ড ইউজার্স সার্টিফিকেট বা ইইউসি) জমা দিলে কারখানা থেকেই প্রয়োজনমতো অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ পাওয়া সম্ভব।
অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদের উত্থান বিষয়ে অভিজ্ঞ র্যাব চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক লে. কর্নেল হাসিনুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, উপযুক্ত এজেন্ট পেলে আন্তর্জাতিক বাজার থেকে চোরাই পথে অস্ত্র কেনা কঠিন ব্যাপার নয়। তবে এ অস্ত্র কিনতে হবে বেশি করে, ন্যূনতম ১০ লাখ ডলারের। নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনা হলে ওই অস্ত্র গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বও অনেক সময় ওই এজেন্ট নিয়ে থাকে। ২০০৪ সালের ২ এপ্রিল ভোরে যেসব অস্ত্রশস্ত্র চট্টগ্রামের সিইউএফএল ঘাটে খালাস হয়, তা এ রকম নির্দিষ্ট কোনো এজেন্টের মাধ্যমে কেনা ও পাঠানো হয় বলে তিনি মনে করেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউর (জেআইআর) এশিয়া প্রতিনিধি অ্যান্থনি ডেভিস এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি একরকম নিশ্চিত, চট্টগ্রামে যে অস্ত্রের চালান আটক হয়েছে তার মধ্যে নতুনগুলো চীনের প্রতিষ্ঠান নোরিনকোতে তৈরি। এ অস্ত্র কেনার জন্য যে সনদ জমা দেওয়া হয়েছে সেটাও ভুয়া ছিল বলে আমার মনে হয়। কারণ আন্তর্জাতিক বাজারের অস্ত্র চোরাচালান চক্রটি অতীতেও এ ধরনের ভুয়া সনদ দিয়ে নোরিনকো থেকে অস্ত্র কিনেছে বলে অনেক প্রমাণ আছে।’

উইকিপিডিয়া সূত্রে জানা গেছে, অপারেশন ড্রাগন ফায়ার নামে একটি অভিযান চালানোর পরে নোরিনকোর কয়েকজন কর্মকর্তা মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ২০০৩ সালে বুশ প্রশাসন ইরানের কাছে ক্ষেপণাস্ত্রপ্রযুক্তি বিক্রির জন্য নোরিনকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

জেআইআরের ২০০৮ সালের নভেম্বর সংখ্যার ‘ফেয়ারওয়েল টু আর্মস, চেঞ্জিং ট্রাফিকিং ট্রেন্ডস’ শীর্ষক অনুসন্ধানী প্রচ্ছদ প্রতিবেদনেও নোরিনকো থেকে চোরাই পথে অস্ত্র বিক্রির বিষয়টির উল্লেখ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড-কম্বোডিয়ার পরিবর্তে চীনের সরকারি কারখানার অস্ত্র এখন বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলো সহজেই পেয়ে যাচ্ছে। ব্যাংককের নিরাপত্তা বিশ্লেষক রবার্ট কার্নিলকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন এখন সরকারিভাবে অস্ত্র বিক্রির চেয়ে বিচ্ছিন্নতাবাদীদের কাছে সরাসরি অস্ত্রশস্ত্র বিক্রি করে ভালো লাভ পেতে শুরু করেছে।’

সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে পাঠানো অস্ত্রের একটি অংশ হংকং এবং অপরটি সিঙ্গাপুর থেকে একই জাহাজে তোলা হয়। থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন কিংবা আশপাশের দেশ থেকে অবৈধ পথে জোগাড় করে কিছু অস্ত্র সিঙ্গাপুরের সমুদ্র এলাকার একটি জাহাজে রাখা হতে পারে।

কনটেইনার স্ক্যানার ও সিসিটিভির মতো নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে সিঙ্গাপুর বন্দর থেকে অবৈধ অস্ত্রের চালান জাহাজে তোলা হলো, জানতে চাইলে অ্যান্থনি ডেভিস প্রথম আলোকে বলেছিলেন, আসলে অস্ত্রের ওই চালানটি সিঙ্গাপুর বন্দরের মূল ভূখণ্ডে তোলা হয়নি। সাগরে ভাসমান কোনো জাহাজে রাখা ছিল। মূল চালান নিয়ে অস্ত্রবাহী জাহাজটি দক্ষিণ চীন মহাসাগর অতিক্রম করার সময় ভাসমান জাহাজ থেকে তা মূল জাহাজে তুলে দেওয়া হয়। এরপর দুটি চালানের পণ্য একই জাহাজে নিয়ে এটি সিঙ্গাপুরের মালাক্কা প্রণালি অতিক্রম করে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরের আকিয়াব বন্দরের অদূরে আন্তর্জাতিক জলসীমায় এসে নোঙর করে। এখান থেকেই বাংলাদেশের দুটি ট্রলার গিয়ে ওই জাহাজ থেকে চোরাই অস্ত্রের চালানটি খালাস করে চট্টগ্রাম বন্দরের সিইউএফএল জেটি পর্যন্ত নিয়ে আসে।

জেনস ইন্টেলিজেন্স রিভিউ পত্রিকায় ২০০৪ সালের আগস্ট সংখ্যায় প্রকাশিত ‘নিউ ডিটেইলস ইমার্জ অন বাংলাদেশ আর্মস হাউল’ শীর্ষক প্রতিবেদনে অ্যান্থনি ডেভিস লিখেছেন, উলফার টাকা আর নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন-আইএম অংশের আন্তর্জাতিক অস্ত্র কেনাবেচা চক্রের সঙ্গে যোগাযোগ থাকায় এত বিপুল পরিমাণ অস্ত্র জোগাড় সম্ভব হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র কিনতে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অর্থ জোগায়। এ অর্থ এনএসসিএন-আইএম অংশের একজন এজেন্টের মাধ্যমে হংকংয়ে পরিশোধ করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা অ্যান্থনি শিমরে মূলত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করে আন্তর্জাতিক অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত চক্রটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। চট্টগ্রামে আটক অস্ত্রের চালানটি তাঁর উদ্যোগেই সংগৃহীত হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এমনকি অস্ত্র খালাসের সময় শিমরে ম্যানিলা থেকে ব্যাংকক হয়ে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলেন। শিমরে ও উলফা প্রধান পরেশ বড়ুয়া দুজনই অস্ত্র খালাসের সময় চট্টগ্রাম অবস্থান করছিলেন বলে জেনসের প্রতিবেদনে বলা হয়।

র্যাবের চট্টগ্রামের সাবেক আঞ্চলিক অধিনায়ক লে. কর্নেল হাসিনুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেছিলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছে যত অস্ত্র গেছে তার বেশির ভাগই শিমরে এনেছেন। তাঁকে গ্রেপ্তার করে দুবার আসামের গুয়াহাটি কারাগারে রাখা হয়েছিল। কিন্তু শেষবার তিনি কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ম্যানিলায় স্থায়ীভাবে আশ্রয় নেন। এখন সেখানে বসেই অস্ত্র চোরাচালানের ব্যবসা করছেন।

(অনুসন্ধানী এই প্রতিবেদনটি ২০০৯ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে কিছু পরিমার্জন করে প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো)