চীন থেকে ৫২৬ কোটি টাকার জ্বালানি তেল কিনছে বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চীন সরকারের দেওয়া প্রস্তাবমতে, আগামী মাস (জুলাই) থেকে পরবর্তী ছয় মাসে প্রায় ৫২৬ কোটি টাকা দামের এক লাখ ১০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি। এ জন্য বিপিসি ১০ জুন পেট্রোচায়নাকে (পেট্রোচায়না ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড) ক্রয়াদেশ দিয়েছে।বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম নতুন উৎস চীন থেকে জ্বালানি তেল কেনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘মানসম্মত তেল সস্তায় পেলে যেকোনো দেশ থেকে নিতে আমাদের আপত্তি নেই। আগামী মাস থেকে পেট্রোচায়না বিপিসিকে তেল সরবরাহ শুরু করবে। প্রাথমিকভাবে ছয় মাস তেল সরবরাহ নেওয়া হবে।’ বিপিসি সূত্র জানায়, প্রতিযোগিতামূলক দরপত্রের পরিবর্তে সরকারিভাবে আলোচনার মাধ্যমে (জি টু জি) বিপিসি কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) থেকে প্রথম জ্বালানি তেল আমদানি শুরু করে ২০০৪ সালে। চার বছরেরও বেশি সময় এককভাবে কেপিসির ওপর নির্ভরশীলতার কারণে বিপিসি অনেকটা জিম্মি হয়ে পড়েছিল। এ কারণে বিকল্প উৎস খোঁজা শুরু হয়।সূত্র জানায়, ২০০৮ সাল থেকে বিপিসি পর্যায়ক্রমে ভারতের আইওসিএল, মালদ্বীপ, মালয়েশিয়ার পেটকো এবং ফিলিপাইনের পিএনওসিএল থেকে জ্বালানি তেল কেনা শুরু করে। এভাবে একের পর এক নতুন উৎসের সন্ধান পাওয়ায় বিপিসি তুলনামূলক কম দামে তেল কেনার সুযোগ পায়।বিপিসির হিসাবে দেখা গেছে, বিপিসি ২০০৮ সালে যে প্রিমিয়ামে (তেলের দামের বাইরে জাহাজভাড়া, বিমা ফি ইত্যাদির খরচ) ডিজেল কিনেছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ক্রমাগত দর-কষাকষির কারণে এখন প্রতি ব্যারেলে প্রায় আড়াই ডলার কমে গেছে। এতে করে সারা বছরের চাহিদামতো শুধু ডিজেল আমদানিতে (২৫ লাখ মেট্রিক টন) বিপিসির সাশ্রয় হচ্ছে ২৫০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে যে হারে তেলের দাম ওঠা-নামা করে সেই দামেই বিপিসিকে তেল কিনতে হয়। এই দামের সঙ্গে প্রিমিয়াম যোগ করে বিপিসির তেল আমদানির খরচ নির্ধারিত হয়। ফলে প্রিমিয়াম কমাতে পারলে বিপিসির অর্থ সাশ্রয় হয় বলে জানা গেছে।জানা যায়, আগামী ছয় মাসে বিপিসি চীন থেকে ৬৬ হাজার মেট্রিক টন ডিজেল, ১০ হাজার মেট্রিক টন কেরোসিন, ১০ হাজার মেট্রিক টন বিমানের জ্বালানি (জেট ফুয়েল) এবং ২৪ হাজার মেট্রিক টন অকটেন কিনবে। বর্তমান বাজারদরে এই এক লাখ ১০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনতে বিপিসির খরচ হবে ৫২৬ কোটি ২২ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস-বৃদ্ধির কারণে এই খরচও কমবেশি হবে বলে জানা গেছে।