চীন ব্রহ্মপুত্র থেকে পানি প্রত্যাহার করলে চিন্তার কারণ হবে
চীন ব্রহ্মপুত্র নদের (তিব্বতে ব্রহ্মপুত্রের নাম ইয়ালু জাংবু) পানি প্রত্যাহার করলে তা নিয়ে চিন্তার কারণ আছে। তবে দেশটি যদি কেবল জলবিদ্যুৎ কেন্দ্র করে তবে তা নিয়ে উদ্বেগের কারণ নেই।
পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, কূটনীতিক ও বিশেষজ্ঞরা এ মত দিয়েছেন। অবশ্য ব্রহ্মপুত্র নদীর ওপর চীনের জাংমু জলবিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে ভারত উদ্বেগ জানিয়েছে।
বাংলাদেশের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, ভারত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রে চীনের বিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে এ সম্পর্কে সুস্পষ্ট তথ্য সংগ্রহ জরুরি। তা ছাড়া উজানের দেশ চীন ও ভারতের সঙ্গে অববাহিকাভিত্তিক পানিব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বাংলাদেশের গুরুত্ব দেওয়া উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত বছরের ডিসেম্বরে ইয়ালু জাংবু থেকে পানি প্রত্যাহার না করা এবং ওই নদীতে নির্মাণাধীন বাঁধের কারণে বাংলাদেশের ওপর ক্ষতিকর প্রভাব কমাতে চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ সমীক্ষার প্রস্তাব দিয়েছিল ঢাকা। তবে ওই প্রস্তাবে চীন সাড়া দেয়নি। গত বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎকেন্দ্র নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ উদ্বেগ জানিয়েছিল। উজানের দেশগুলোর এ ধরনের কোনো প্রকল্পের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে—এমন আভাস পেলে বাংলাদেশ প্রতিবাদ জানিয়ে আসছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ইয়ালু জাংবু নদীতে বাঁধ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। এটি জাংমু জলবিদ্যুৎকেন্দ্র নামেও পরিচিত। জলবিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, মঙ্গলবার থেকে ওই কেন্দ্রের ছয়টি ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ বিতরণ লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, চীনের এ বিদ্যুৎকেন্দ্রটিতে কী হবে সে সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, চীন যদি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প করে থাকে, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে ওই প্রকল্প থেকে পানি প্রত্যাহার করা হলে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। কাজেই চীনের সঙ্গে আলোচনা করে বুঝতে হবে, আসলেই বিদ্যুৎ প্রকল্পটিতে কী থাকছে। অন্যদিকে, বাংলাদেশ পানিব্যবস্থাপনার ক্ষেত্রে অববাহিকাভিত্তিক সহযোগিতার কথা বলে থাকে, এটি আক্ষরিক অর্থে বাস্তবায়নের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে একটি সেল গঠন করা উচিত।
চীনের নতুন এই বিদ্যুৎকেন্দ্রটিতে জলাধার তৈরি করে পানি প্রত্যাহারের ব্যবস্থা থাকছে কি না, সে সম্পর্কে পানিসম্পদ মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, গত মার্চে বেইজিংয়ে দুই দেশের পানিসম্পদসচিব পর্যায়ের বৈঠকে জাংমু জলবিদ্যুৎকেন্দ্র থেকে পানি প্রত্যাহারের খবরে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তোলা হয়েছিল। এ সময় চীনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ওই প্রকল্পে পানি প্রত্যাহারসহ এমন কিছু করা হবে না, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ অববাহিকাভিত্তিক পানিব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।
জানা গেছে, ব্রহ্মপুত্র ও ইয়ালু জাংবুর মধ্যে তথ্য-উপাত্ত বিনিময়ের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে। এর আওতায় দুই দেশ নিয়মিত তথ্য বিনিময় করে থাকে। পানিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সচিবদের মধ্যে সম্প্রতি নিয়মিত বৈঠক হচ্ছে। এ ছাড়া দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আরেকটি বৈঠক হওয়ার প্রস্তাব রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, তিব্বতের গায়াকা কাউন্টি এলাকায় অবস্থিত কেন্দ্রটির নাম জ্যাম জলবিদ্যুৎকেন্দ্র। এটিই বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত জলবিদ্যুৎকেন্দ্র। এখান থেকে প্রতিবছর ২ দশমিক ৫ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে প্রথমটি চালু হয়েছিল গত নভেম্বরে। তিব্বতের ওই এলাকায় চীন আরও কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে বলে জানা গেছে। এর ফলে ভাটিতে থাকা ভারত সে দেশে নদের পানিপ্রবাহ কমে যাওয়া এবং কেন্দ্রের জলাধারের পানি ছেড়ে দেওয়া হলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে। ভারতের এ আশঙ্কা দূর করতে চীন বলেছে, এসব প্রকল্পে কোনো জলাধার করা হবে না। বহমান পানি থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হবে।