বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পাঁচ দিনের চীন সফর শেষে গতকাল শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন।দেশে ফেরা উপলক্ষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দিয়েছে বিএনপি।খালেদা জিয়া গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় এসে পৌঁছেন। বেলা ১১টা থেকেই বিমানবন্দর এলাকায় দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বিএনপির সাংসদেরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন। এরপর তাঁরা ভিআইপি গেটের বাইরে অবস্থান করেন। দলের জ্যেষ্ঠ নেতারাও সেখানে আসেন।ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন, ফুলের তোড়া নিয়ে বিমানবন্দর সড়কের পাশে অবস্থান নেন। সাড়ে ১২টার কিছু পর খালেদা জিয়া ভিআইপি গেট থেকে বেরিয়ে আসেন। সড়ক দিয়ে তাঁর গাড়ি খুব ধীরগতিতে চলতে থাকে। রাস্তার পাশে দাঁড়ানো নেতা-কর্মীরা নানা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়া গাড়ি থেকে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে পাঁচ দিনের চীন সফরকালে খালেদা জিয়া চীনের ভাইস প্রেসিডেন্ট ও চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি গত ১৮ ডিসেম্বর চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ওই দিন তিনি ব্যাংককে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করেন। কোকো প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছেন।খালেদা জিয়া চীন থেকে গত বৃহস্পতিবার ব্যাংককে এসে পৌঁছেন। সেখান থেকে গতকাল ঢাকায় পৌঁছেন। চীন সফরে তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রমুখ।