চীন ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে বাংলাদেশকে
ভারত, নেপাল ও ভুটানের পর এবার বাংলাদেশকে বিদ্যুৎ দিতে চায় চীনও। চীন বাংলাদেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির এক প্রস্তাব দিয়েছে। চীনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনমিং থেকে সরাসরি লাইন করে অথবা মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশ এই বিদ্যুৎ পেতে পারে বলে চীনের প্রস্তাবে বলা হয়েছে।
পাশাপাশি মিয়ানমারও বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র তৈরিতে আগ্রহ দেখিয়েছে। এ ব্যাপারে দুই দেশের পেশাজীবীদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার প্রস্তাব দিয়েছে দেশটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের জ্বালানিমন্ত্রী ইউ উই খাইং গতকাল সোমবার এ প্রস্তাব দেন বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
নসরুল হামিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য গত রোববার থেকে মিয়ানমার সফর করছে। প্রতিমন্ত্রী মিয়ানমার থেকে গ্যাস আমদানি ও বিদ্যুতের আন্তগ্রিড সংযোগ তৈরির প্রস্তাব দেন, যার মাধ্যমে চীন থেকেও বিদ্যুৎ আনা যায়।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির বিষয়ে চীনের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে মিয়ানমার যাওয়ার আগে নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, চীনের প্রস্তাব তাঁদের সক্রিয় বিবেচনাধীন আছে। এ ছাড়া মিয়ানমার-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রেও চীনের সহযোগিতা পাবেন বলে তাঁরা আশাবাদী। এ বিষয়ে আলোচনার জন্য গত জুলাই মাসে মিয়ানমার বাংলাদেশকে আমন্ত্রণ জানায়।
প্রতিমন্ত্রীর সফরকালে মিয়ানমারের সঙ্গে সহযোগিতার পাশাপাশি তাঁদের মাধ্যমে চীন থেকে বিদ্যুৎ আমদানির বিষয়েও আলোচনা হতে পারে। মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনের অংশগ্রহণ ব্যাপক।
অন্যদিকে, ভারত থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চলতি মাসেই শুরু হচ্ছে। এই ৬০ মেগাওয়াট আমদানি ছাড়াও কেরানীগঞ্জে ১৫০ মেগাওয়াট ও আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নতুন স্থাপিত দুটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু এবং আরও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ–সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই এগুলো উদ্বোধন করা হবে।
বর্তমানে ভারত থেকে বাংলাদেশ মোট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভারতের সরকারি ও বেসরকারি খাত থেকে আরও ২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আমদানি প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া ভারতের ঝাড়খন্ডে নির্মাণাধীন আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসবে ১ হাজার ৬০০ মেগাওয়াট। মেঘালয়সহ ভারতের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে নির্মাণের প্রক্রিয়াধীন পানিবিদ্যুৎকেন্দ্র থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানির সুযোগ পাবে। নেপাল ও ভুটানের পানিবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমেও বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিদ্যুৎ পাবে।
জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম. তামিম প্রথম আলোকে বলেন, আঞ্চলিক ও উপ–আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ আমদানি বাংলাদেশের জন্য উত্তম বিকল্প। বিনিয়োগ ও জায়গা ব্যবহার না করে এই বিদ্যুৎ পাওয়া যাবে। তাই দরদামে বনিবনা হলে যত বেশি সম্ভব বিদ্যুৎ আমদানির চেষ্টা করা উচিত।