চীনকে দিয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের ঘোষণা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবারকে দিয়ে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ৷ ৯ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর এটি ঘোষণা করার কথা রয়েছে৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে৷
প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা গত শনিবার প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের প্রস্তাবিত রূপরেখা চুক্তিটি সই হতে পারে৷ এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
ইআরডি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম আলোকে জানান, সোনাদিয়ায় বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) সহযোগী প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি) ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও নেদারল্যান্ডসের রটারডাম পোর্ট প্রস্তাব দিয়েছিল। তবে রটারডাম পোর্ট এই বন্দর নির্মাণে আগ্রহ দেখালেও খোদ তাদের বন্দরটিই নির্মাণ করেছে ডিপি ওয়ার্ল্ড। নতুন করে সমীক্ষা পরিচালনায় সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস তেমন আগ্রহী ছিল না। এ ছাড়া তাদের বিনিয়োগ প্রস্তাবটি বাংলাদেশ সরকারের কাছে আকর্ষণীয় মনে হয়নি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি কমিটি তিনটি প্রস্তাব বিবেচনার পর চীনের প্রস্তাবের পক্ষে মত দেয়।
উচ্চপর্যায়ের ওই কমিটির সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, চীন এক বছর আগেই তাদের অর্থায়নে এ গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে সমীক্ষা শেষ করে৷ পাশাপাশি বন্দর নির্মাণে অর্থায়নের বিষয়টিও উল্লেখ করে আগ্রহী চীনা প্রতিষ্ঠান চায়না হারবার৷ এসব প্রক্রিয়া শেষ হলেও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন এ কাজটি পেলে প্রতিবেশী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষায় থেকেছে বাংলাদেশ। কারণ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে চীনকে এ সমুদ্রবন্দর নির্মাণের কাজ দেওয়ার ব্যাপারে বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হলে শুরুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক ছিল না। ইতিমধ্যেই পাকিস্তানের গোয়াদার এবং শ্রীলঙ্কার হাম্বানটোটায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে চীন৷ এ প্রেক্ষাপটে পুরো দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাববলয় বিস্তৃত হওয়া নিয়ে কৌশলগত কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের অস্বস্তি ছিল৷ এ বাস্তবতায় চীনকে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দায়িত্ব দেওয়ার আগে ভারত ও যুক্তরাষ্ট্র এ কাজে আগ্রহী িক না, সেটিও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে। দুই দেশের সরকারের পক্ষ থেকেই জানানো হয়েছে, গভীর সমুদ্রবন্দর নির্মাণের মতো প্রকল্পে তারা যুক্ত হয় না৷
জানতে চাইলে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান সোমবার প্রথম আলোকে বলেন, চায়না হারবারের গভীর সমুদ্রবন্দর নির্মাণের অভিজ্ঞতা আছে। তাই এ ধরনের প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করানোর সিদ্ধান্তটা অত্যন্ত ইতিবাচক৷
চীনের আর্থিক সহযোগিতা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক এ কূটনীতিক বলেন, চীনের কাছ থেকে আর্থিক

সহায়তা গ্রহণের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ, তারা বাণিজ্যিক শর্তে এ ধরনের ঋণ দিতে চায়৷ শুরুতে সহযোগিতার প্রক্রিয়া শিথিল থাকলেও পরে ঋণচুক্তিতে নানা রকম শর্ত জুড়ে দেয়৷ কাজেই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চটা আদায়ের জন্য এ ক্ষেত্রে দর-কষাকষি করা বাঞ্ছনীয়৷ দেিশ-বিদেিশ বিশেষজ্ঞকে কাজে লাগিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদ্মা সেতু ও গভীর সমুদ্রবন্দর নির্মাণের মতো প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে৷
সরকারের অন্য একটি সূত্র জানিয়েছে, বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচনের পর ভারত, চীন, রাশিয়াসহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশের মধ্যে নতুন মেরুকরণ হয়েছে৷ ওই নির্বাচন নিয়ে ভারত ও চীন একই অবস্থানে থাকায় তা গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়ক হয়েছে।
কমিটির অন্য এক কর্মকর্তা জানান, চায়না হারবারকে সমুদ্রবন্দরটি নির্মাণের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পুরো কাজটি সরকার কনসোর্টিয়ামের মাধ্যমে করার সুযোগ খোলা রাখতে চায়। এ ক্ষেত্রে সরাসরি নির্মাণের সঙ্গে না থাকলেও পরামর্শদানসহ নানা কাজে একাধিক দেশকে যুক্ত করার সুযোগ থাকবে৷
প্রধানমন্ত্রীর সফরের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে ৬ জুন চীন যাচ্ছেন৷ শুরুতে তিনি ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ‘চায়না-সাউথ এশিয়ান এক্সপো’ নামের আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন৷ সেখানে দুদিন কাটিয়ে তিনি যাবেন বেইজিংয়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, চীন সফরে যেসব বিষয় অগ্রাধিকার পাবে, তা চূড়ান্ত করতে গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ এ ছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্যসূচিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চূড়ান্ত করতে গত সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ওই দুটি বৈঠকে কয়েকটি প্রকল্প চীনের কাছে উত্থাপনের জন্য

চূড়ান্ত করা হয়েছে৷ এ ছাড়া বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে যেসব বিষয় উত্থাপন করা হবে, তারও একটি সম্ভাব্য তালিকা হয়েছে৷ শীর্ষ বৈঠকে গভীর সমুদ্রবন্দর ছাড়াও কর্ণফুলী নদীর তলা দিয়ে সুড়ঙ্গপথ, যমুনা নদীর িনচে বহুমাত্রিক সুড়ঙ্গপথ, চট্টগ্রাম-রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুমে (বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে) নতুন রেললাইন নির্মাণের প্রসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হবে৷
সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, আসন্ন চীন সফরে বাংলাদেশের শিল্প ও সেবা খাতে সরবরাহব্যবস্থার উন্নয়নে চীনের সহায়তা চাওয়া হবে৷ চীন ও এর বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে বাংলাদেশের ব্যবসায়ী, সাংবাদিক, গবেষক, পর্যটকসহ বিভিন্ন শ্রেণির নাগরিকের ভিসা-প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেবে বাংলাদেশ৷
ঢাকায় চীনা দূতাবাসের এক কর্মকর্তা গত সোমবার প্রথম আলোকে জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর বেশ কটি চুক্তি সই হবে।
৯ জুন বেইজিংয়ে হাসিনা-কেকিয়াং শীর্ষ বৈঠক শেষে একাধিক চুক্তি সইয়ের কথা রয়েছে৷ এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা খাতে ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ১০০ কোটি ইউয়ান সহায়তা ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মধ্যে যৌথ বিনিয়োগ চুক্তি৷ এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধারকাজে ব্যবহৃত দ্বিতীয় দফায় যন্ত্রপাতি সরবরাহ এবং বাংলাদেশে বন্যা প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য সমীক্ষার লক্ষ্যে দুই পক্ষ আনুষ্ঠানিক পত্র বিনিময় করবে।