দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) চীনকে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি। দলটি মনে করে, দক্ষিণ এশিয়ার উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সার্কে চীনের অন্তর্ভুক্তি জরুরি।গতকাল সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ কথা বলেন। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। চীনা কমিউনিস্ট পার্টির ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্টির পলিট ব্যুরোর সদস্য ও বেইজিং কমিটির সেক্রেটারি লিউ শি। এ সময় ঢাকায় চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি উপস্থিত ছিলেন। লিউ শি সার্কে চীনের অন্তর্ভুক্তির ব্যাপারে বিএনপির আগ্রহকে স্বাগত জানান।গতকাল মালদ্বীপের আদ্দু দীপে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। চীন বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে কাজ করছে।খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া বলেছেন বিএনপি এক চীন নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বিএনপি।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বৈঠকে বাংলাদেশের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, রেলওয়ে, জ্বালানি, খনিজ সম্পদ, বিদ্যুৎ, পানিসম্পদ, প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতার প্রস্তাব দেন খালেদা জিয়া। তিনি ত্রিমাত্রিক ‘নৌশক্তি’ গড়ে তোলার ব্যাপারেও চীনের সহযোগিতা চেয়েছেন। এসব প্রস্তাব চীনা নেতা লিউ শি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।