চীনা আদার দাম হঠাৎ বৃদ্ধি
- বাজারে বেশি বিক্রি হচ্ছে চীনা ও মিয়ানমারের আদা
- চীনা আদার চেয়ে মিয়ানমারের আদা কিছুটা সস্তা
- কিছুটা কমেছে ভারতীয় ও দেশি পেঁয়াজের দর
- অন্যান্য পণ্যের দামে তেমন হেরফের নেই
ঢাকার বাজারে ভালো মানের চীনা আদার প্রতি কেজি দর উঠেছে ১৪০-১৫০ টাকায়, যা পবিত্র ঈদুল আজহার আগের তুলনায় ৪০ টাকা বেশি। বাজারে এ আদাই বেশি বিক্রি হয়। দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
আদার দাম বাড়লেও কিছুটা কমেছে বাজারে ভারতীয় ও দেশি পেঁয়াজের দর। অন্যান্য পণ্যের দামে তেমন কোনো হেরফের হয়নি।
বাজারে এখন বেশি বিক্রি হচ্ছে চীনা ও মিয়ানমারের আদা। চীনা আদার চেয়ে মিয়ানমারের আদা কিছুটা সস্তা। ভালো মানের মিয়ানমারের আদার খুচরা দর প্রতি কেজি ১২০-১৩০ টাকা। তবে সাধারণ মানের চীনা আদা ১৩০ টাকা ও মিয়ানমারের আদা ১১০ টাকা কেজিতেও মিলছে।
কারওয়ান বাজারের মসলাজাতীয় পণ্য বিক্রেতা মামুন হোসেন বলেন, ঈদের আগের দিন চীনা আদা বিক্রি করেছিলাম ১০০ টাকা। এখন সেটা ১৪০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তিনি মিয়ানমারের আদা ১২০ টাকা দরে বিক্রি করছেন বলে জানান।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, এখন প্রতি কেজি আদার দাম মানভেদে ১০০-১৫০ টাকা, যা এক মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি।
মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে পুরান ঢাকার শ্যামবাজারের নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ভারতের কেরালা রাজ্যে বন্যা ও চীনে টাইফুনের কারণে আদার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতেই বাজার চড়ে গেছে।
ভারতের পত্রিকা ডিএনএর এক প্রতিবেদনে গত বুধবার বলা হয়, কেরালায় বন্যার কারণে সেখানে আদার দাম ২০০ রুপিতে উঠেছে, যা বন্যার আগে ১২০ রুপি ছিল।
বাজারে এখন বেশ সস্তা মসুর ডাল, চিনি ও ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি মোটা দানার মসুর ডাল ৫০-৬০ টাকা, মাঝারি দানা ৮০ টাকা ও সরু দানার মসুর ডাল ১১০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। চিনির কেজি ৫৫-৫৬ টাকা। ব্রয়লার মুরগির দর প্রতি কেজি ১৩০-১৩৫ টাকা। ফার্মের ডিমের ডজন বাজারভেদে ৯৫-১০০ টাকা।
বাজারে বেশির ভাগ সবজি প্রতি কেজি ৩০-৫০ টাকার মধ্যে মিলছে। কাঁচা মরিচের প্রতি কেজি দর ৬০-৮০ টাকা।