চীনা চক্করে ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক প্রকল্প
চীনা চক্করে পড়েছে ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক প্রকল্প। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে নেওয়া এই প্রকল্পটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের পাল্টাপাল্টি প্রস্তাবে ঘুরপাক খাচ্ছে চার বছর ধরে। ফলে প্রকল্পের জন্য বিনিয়োগকারী কিংবা ঠিকাদার—কোনোটাই চূড়ান্ত করতে পারেনি সেতু বিভাগ।
সর্বশেষ গত ২২ জানুয়ারি চীনা ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে সেতু বিভাগ। এপ্রিলে চূড়ান্ত চুক্তি করার তোড়জোড়ও শুরু হয়েছে।
অবশ্য রেলওয়ে সূত্র জানিয়েছে, সিএমসি ২০১২ ও ২০১৩ সালে বাংলাদেশে যাত্রীবাহী মিটারগেজ কোচ সরবরাহের লক্ষ্যে দুটি এমওইউ সই করেছিল। কিন্তু সেই প্রকল্পগুলোর কোনো অগ্রগতি নেই। ২০১২ সালে করা এমওইউতে উল্লেখযোগ্য পরিমাণে এবং ২০১৩ সালের এমওইউতে ৩০০ কোচ সরবরাহের কথা উল্লেখ করা হয়েছিল।
সূত্র জানায়, সেতু বিভাগের সঙ্গে সিএমসির এমওইউতে প্রকল্পটি চীনা সরকারি অর্থায়নে বাস্তবায়ন (জি টু জি) করার কথা বলা হয়েছে।
এমওইউর কপি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি সইয়ের কার্যক্রম ত্বরান্বিত করতে সেতু বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুনরায় চিঠি দেওয়া হয়।
সেতু বিভাগ সূত্র জানায়, সিএমসির এ ধরনের কাজ করার অভিজ্ঞতা নেই। ফলে সহযোগী ঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) হিসেবে নিয়োগ দিয়েছে চায়না রেলওয়ে নম্বর ৫ ইঞ্জিনিয়ারিং গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানকে। ৬ ফেব্রুয়ারি এটা জানিয়ে সেতু বিভাগে চিঠিও দেয় প্রতিষ্ঠানটি।
এ ছাড়া প্রকল্পের ব্যয় নির্ধারণের জন্য বাংলাদেশি পরামর্শক প্রতিষ্ঠান ডেভ কনসালট্যান্টসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে সিএমসি। ৪ ফেব্রুয়ারি এটাও সেতু বিভাগকে জানিয়েছে সিএমসি। ওই চিঠিতে সিএমসি চীনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর করার কথা রয়েছে উল্লেখ করে ওই সময়ই চূড়ান্ত চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে চীনের সঙ্গে ওই সময় প্রায় এক লাখ কোটি টাকার ১০টি বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পের চুক্তি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
অবশ্য সেতু বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, চীনা কোম্পানির মাধ্যমে জি টু জি পদ্ধতিতে প্রকল্পের খরচ বেড়ে যেতে পারে। কারণ, একক ঠিকাদার কাজ করবেন বলে সেখানে প্রতিযোগিতার সুযোগ থাকবে না।
এর আগে ২০১৩ সালে চীনের আরেক প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন (সিআইটিআইসি) অর্থায়ন, সমীক্ষা, নকশা প্রণয়ন ও নির্মাণের যাবতীয় দায়িত্ব (টার্ন কি পদ্ধতি) নিয়ে ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাবে ২ দশমিক ৭ থেকে ২ দশমিক ৯ শতাংশ সুদে অর্থের জোগান দেওয়ার কথা বলা হয়েছিল। উড়ালসড়ক নির্মাণের পর ব্যয় করা অর্থ ১৫ বছরে শোধ করার প্রস্তাব ছিল। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অনুমোদন ছিল।
সিআইটিআইসির প্রস্তাব পেয়ে আগে থেকে চলা সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে আহ্বান করা প্রাথমিক দরপত্রের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল সেতু বিভাগ।
পিপিপিতে বাস্তবায়নের লক্ষ্যে ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে বিনিয়োগকারী নির্বাচনে কয়েক দফা দরপত্র আহ্বান করেছিল সেতু বিভাগ। সর্বশেষ দরপত্রে চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সাতটি প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের প্রস্তাবও জমা দিয়েছিল।
সেতু বিভাগ সূত্র জানায়, গত বছর চীনের ভাইস মিনিস্টারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সেতু বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক চীনা অর্থায়নে বাস্তবায়নের আগ্রহ দেখায়। এর পরই আগের সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
ঢাকা-আশুলিয়া উড়ালসড়ক-সংক্রান্ত নথি থেকে জানা গেছে, ২০১০ সালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে সাভারের আশুলিয়া পর্যন্ত ৩৮ দশমিক ১৮ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের প্রকল্প নেয় সেতু বিভাগ। ২০১১ সালে সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে প্রকল্পটি পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়।
২০১২ সালে উড়ালসড়ক নির্মাণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটি সমীক্ষা করায় সেতু বিভাগ। ওই সমীক্ষায় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয় দেড় বিলিয়ন বা প্রায় ১২ হাজার কোটি টাকা।
১০ ফেব্রুয়ারি সেতু বিভাগ থেকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে নীতিগত অনুমোদনের জন্য একটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) পাঠানো হয়। এতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৩ হাজার ৬৫৩ কোটি টাকা।
উড়ালসড়ক প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সেতু বিভাগ বলেছে, এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তরের ৩০ জেলার চার কোটিরও বেশি মানুষ উপকৃত হবে।
জানতে চাইলে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ প্রথম আলোকে বলেন, প্রকল্পটি জনগুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে সরকারি টাকায় তা বাস্তবায়ন করা সম্ভব নয়। পিপিপিতেও ভালো বিনিয়োগকারী পাওয়া যায়নি। চীনা একটি কোম্পানি প্রস্তাব দিয়ে আর আসেনি। এখন আরেকটি চীনা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে জি টু জি ভিত্তিতে অর্থায়নে। সবগুলোই যাচাই করা হচ্ছে। এর মধ্যে সরকারি টাকায় সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে।