চীনা দম্পতির ব্যাগ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে চীনা দম্পতির ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ‘টানা পার্টির’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মনিরুজ্জামান (৪০) ও মো. সেলিম (৩৮)। গত সোমবার নগরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও ডবলমুরিং থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হলেও নগদ টাকা ও ডলার উদ্ধার করা যায়নি।
গত ১৮ জুলাই নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় চীনা নাগরিক লি লি ল্যু হাতে থাকা একটি ব্যাগ টান দিয়ে নিয়ে যান টানা পার্টির সদস্য ছিনতাইকারীরা। ব্যাগের ভেতর নগদ ২ লাখ টাকা, ১ হাজার ইউএস ডলার ও জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ছিল। এই ঘটনায় লি লি ল্যু বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত শুরু করে ডবলমুরিং থানার পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ।
ঘটনায় জড়িত টানা পার্টির দুই সদস্যকে গত সোমবার হালিশহরের ফইল্লাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হলেও গতকাল বুধবার নগর পুলিশের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. শহীদুল্লাহ বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা চীনা দম্পতির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হলে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ছাড়া ফেনীর স্টেশন রোড এলাকার একটি মার্কেট থেকে ছিনতাই করা ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার মনিরুজ্জামান ও সেলিমের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় পাঁচটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা পেশাদার টানা পার্টির সদস্য।