চীনা পররাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপা‌ক্ষিকক সম্পর্ক আরও জোরদার করার লক্ষে তিনদিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনি এই সফর করবেন। খবর বাসসের।
ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ও বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের সহযোগিতাসহ দ্বিপা‌ক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং বিনিময়পত্রসমূহের অগ্রগতির বিষয় পর্যালোচনা করা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশে চীনের জন্য অর্থনৈতিক ও বানিজ্যিক এলাকা প্রতিষ্ঠা এবং কর্ণফুলী নদীর তলদেশে ‘মাল্টি-লেন রোড টানেল’ নির্মাণের ব্যাপারে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়েও আলোচনা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।