যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নির্মাণাধীন ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানেরা কর্মবিরতি পালন করছেন। বেতন-ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কারণে তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। এতে ৩১ মার্চের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানেরা কাজ বন্ধ রাখলেও দেশি শ্রমিক, প্রকৌশলী ও টেকনিশিয়ানেরা কাজ করছেন বলে জানা গেছে।কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটির প্রকল্প পরিচালক নূরুল ইসলাম বলেন, কেন্দ্রের যন্ত্রপাতি স্থাপনের জন্য চীনা প্রতিষ্ঠান টেন হাউ ও পিডিভি নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কোয়ান্টাম। কিন্তু ওই দুটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানদের বেতন-ভাতা না দেওয়ায় তাঁরা ৭ মার্চ থেকে কাজ করছেন না। কারিগরি কাজ বন্ধ থাকায় তাঁরা সংকটে পড়েছেন।প্রকল্প পরিচালক আরও জানান, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনা প্রকৌশলীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।