চীনা ব্যবসায়ীর টাকা উদ্ধার দোভাষী গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুর থেকে চীনা ব্যবসায়ীর ২০ লাখ টাকা নিয়ে উধাও দোভাষী মনিরুল ইসলামকে (৪০) গত মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ১৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত সোমবার দুপুরে চীনা ব্যবসায়ী পাঞ্জি ওয়াও সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে হানিফ পরিবহনের কাউন্টারে আসেন। তাঁর সঙ্গে ছিলেন গাইড ও দোভাষী মনিরুল ইসলাম। পাঞ্জি ওয়াও ২০ লাখ টাকাভর্তি একটি থলে মনিরুলের হাতে রেখে কাউন্টারের শৌচাগারে যান। এ সুযোগে থলেটি নিয়ে চম্পট দেন মনিরুল। চীনা ব্যবসায়ী সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান এবং সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি জানার পর পাঞ্জি ওয়াওকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহর থেকে বের হওয়ার সবগুলো পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। পরে দেশের প্রতিটি থানায় বেতার বার্তা পাঠানো হয়। বেতার বার্তার সূত্র ধরে ঈশ্বরদী থানার পুলিশ পৌর শহর থেকে ছয় কিলোমিটার দূরে দাশুড়িয়া আবাসিক হোটেলের চার নম্বর কক্ষে অভিযান চালায়। সেখান থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়।মনিরুল ইসলাম পুলিশের কাছে তাঁর অপকর্মের কথা স্বীকার করেছেন বলে ঈশ্বরদী থানার ওসি শামিউল ইসলাম জানিয়েছেন। তাঁর কাছ থেকে ১৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। বাদবাকি টাকা তিনি খরচ করে ফেলেছেন বলে ওসি জানান। গতকাল বুধবার মনিরুলকে সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।