চীনা রসুনের দাম বেড়েছে কমেছে পেঁয়াজ ও ডালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁচাবাজারে আমদানি করা চীনা রসুন ছাড়া বেশির ভাগ নিত্যপণ্যের দামই স্থিতিশীল রয়েছে। চীনা রসুনের দাম আগের সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজ ও মসুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা এবং আলুর দাম কমেছে কেজিতে দুই থেকে চার টাকা। চাল, আটা, ভোজ্যতেল ইত্যাদি আগের দামেই বিক্রি হচ্ছে।কারওয়ান বাজার, হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে গতকাল শুক্রবার এই চিত্র পাওয়া গেছে।চাহিদা বেশি থাকা মোটা দানার চীনা রসুন গতকাল ১৩৫ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলেছে, এক সপ্তাহ আগে চীনা রসুনের দর ছিল প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকা। এক মাস আগে ছিল ১১০ থেকে ১২০ টাকা এবং এক বছর আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। সে হিসাবে এক মাসে বেড়েছে ২২ শতাংশ আর এক বছরে বেড়েছে ১২৪ শতাংশ।দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। এক মাস আগেও তা-ই ছিল। তবে এক বছর আগে দেশি রসুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৫৫ টাকা কেজি।মসুর ডাল আগের সপ্তাহে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে বেচাকেনা হলেও গতকাল পাঁচ টাকা কমে হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা। আলু আগের সপ্তাহে ছিল ১৪ থেকে ১৬ টাকা কেজি, গতকাল হয়েছে ১০ থেকে ১২ টাকা।কারওয়ান বাজারের ব্যবসায়ী হারিছ মিয়া জানান, ‘আমাদের কাছ থেকে কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীরা মাত্রাছাড়া মুনাফা করে। তাই জিনিসপত্রের দাম বেশি পড়ে।’তবে শাহবাগের খুচরা দোকানদার মানিক বেপারী বলেন, ‘পাইকারেরা হঠাৎ দাম বাড়িয়ে দেন। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করা ছাড়া তখন কিছুই করার থাকে না।’শুকনা মরিচ গতকাল বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা এবং হলুদ ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে। এই দুটির দাম এক মাসে বাড়েনি।বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৪৫ টাকা, ডিমের হালি ৩৪ থেকে ৩৬, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৩২ থেকে ১৩৫, খোলা সয়াবিন ১১০ থেকে ১১২ টাকায় বিক্রি হয়। এগুলোর দাম আগের সপ্তাহেও একই ছিল বলে জানান কলেজশিক্ষক মনিরুল ইসলাম।প্রতি কেজি উন্নতমানের মিনিকেট চাল ৪৬ থেকে ৪৮ টাকা, সাধারণ মানের চাল ৩৪ থেকে ৪৫ টাকা, লতা ও পাইজাম উত্তম মানের ৩৭ থেকে ৩৮ ও সাধারণ মানের ৩৪ থেকে ৩৬ টাকা এবং মোটা চাল ৩০ থেকে ৩২ টাকায় বেচাকেনা হয়েছে। এ ছাড়া ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা, রুই ২০০ থেকে ৩০০ টাকা কেজি, গরুর মাংস ২৭০ থেকে ২৮০ টাকা এবং খাসির মাংস কেনাবেচা হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।হাতিরপুল কাঁচাবাজারে সাপ্তাহিক বাজার করতে আসা ব্যাংকার হাসান মোল্লা বলেন, ‘আগের তুলনায় জিনিসপত্রের দাম এ সপ্তাহে তেমন একটা বাড়েনি। কিন্তু আগে এত বেড়ে রয়েছে যে এখন সবকিছুই হিসাব করে কিনতে হয়।’কারওয়ান বাজারে বিদেশি সংস্থার গণসংযোগ কর্মকর্তা লীনা পারভীন বলেন, ‘সবকিছুরই দাম বাড়তি, অর্থাৎ ক্রয়ক্ষমতার বাইরে। অথচ, এক বছর আগে যে বেতন পেতাম, এখনো তাই পাচ্ছি। অন্যগুলো বাদ দিলেও মোটাদাগে শুধু বাড়িভাড়া ও যাতায়াত ভাড়াই বেড়েছে অন্তত ১০ থেকে ২০ শতাংশ। সুতরাং বাজার ঠিক রাখতে গেলে আগে এই দুই বিষয়ে মনোযোগ দিতে হবে সরকারকে।’