চীনা রাষ্ট্রদূতের 'হুমকির' প্রতিবাদ
ঢাকা আর্ট সামিটে চীনা রাষ্ট্রদূতের ‘হুমকির’ মুখে তিব্বতের প্রতিবাদী কয়েকটি শিল্পকর্ম ঢেকে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠনের চীনবিষয়ক পরিচালক সোফি রিচার্ডসন গত বুধবার দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
শিল্পকলা একাডেমিতে ৫ থেকে ৮ ফেব্রুয়ারি ঢাকা আর্ট সামিট অনুষ্ঠিত হয়। এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিয়াং গত সপ্তাহে ঢাকা আর্ট সামিটে গিয়ে ‘তিব্বতিদের আত্মাহুতি’-সংক্রান্ত চিত্র দেখে প্রবল আপত্তি জানান। এটা অত্যন্ত বিস্ময়কর যে রাষ্ট্রদূতের এ ধরনের নিন্দনীয় আচরণের কেউ কোনো প্রতিবাদ জানায়নি। শিল্পী তেনজিং সোনম এবং রিতু সারিন এ ঘটনায় প্রতিবাদের অংশ হিসেবে ছবিগুলো ঢেকে দেন।
বিবৃতিতে আরও বলা হয়, চীনের অভ্যন্তরে মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এখন দেশটির বাইরেও ছড়িয়ে পড়ছে। মুক্ত ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করার যে চেষ্টা চীনের পক্ষ থেকে চালানো হয়েছে, বাংলাদেশের উচিত এর বিরুদ্ধে সরব হওয়া।