চীনা শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় চীনা শ্রমিকের মৃত্যুর ঘটনায় সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খনির মহাব্যবস্থাপক (খনিজ) হাবিব উদ্দিন আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুজন সদস্য হলেন উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা প্রশিক্ষণ ও পরিবেশ) সাইফুল ইসলাম এবং ব্যবস্থাপক (ভূতত্ত্ব) এ কে এম বদরুল আলম। খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) গত সোমবার বিকেল পাঁচটার দিকে এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির প্রধান হাবিব উদ্দিন আহমেদ দেশের বাইরে থাকায় গঠিত তদন্ত কমিটি নিয়ে বাংলাদেশি খনিশ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিকনেতা জানান, এটি একটি দায়সারা কমিটি। তদন্ত কমিটি কবে কাজ শুরু করবে, তার কোনো নিশ্চয়তা নেই।খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম জানান, দু-এক দিনের মধ্যেই হাবিব উদ্দিন আহমেদ বিদেশ থেকে দেশে ফিরলে তদন্তকাজ শুরু হবে।গত রোববার রাতের পালায় খনিতে ভূগর্ভের এক হাজার ২০০ ফুট নিচে কর্মরত অবস্থায় চীনা ভেন্টিলেশন মেজারমেন্ট শ্রমিক জি কেক্সি মারা যান। এ ব্যাপারে সোমবার রংপুর কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।