চীনে 'ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ে গত শুক্রবার ‘ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীন’ উদ্বোধন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি বেইজিং থেকে কুনমিং, সাংহাই, শেনজেন ও হংকং সফর করছেন।

আয়োজনের মূল বিষয়—বেকারত্ব মোকাবিলা; যেন মানুষ বিশেষত যুবসমাজ চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরি সৃষ্টি করে।

সফরে মুহাম্মদ ইউনূস সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নাগরিক সমাজের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে সামাজিক ব্যবসা ও টেকসই বিশ্ব গড়ে তোলা নিয়েও ভাষণ দেবেন তিনি।

বেইজিংয়ে ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধনী ভোজসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন। এ ভোজসভার আয়োজন করেন বৃহৎ প্রতিষ্ঠান কুদাই ডটকমের প্রধান নির্বাহী যুব উদ্যোক্তা ওয়াং কে। প্রতিষ্ঠানটি মুঠোফোনের জগতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি বলে পরিচিত।

ভোজসভায় ওয়াং কে তাঁর মুঠোফোন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্রঋণকে ছড়িয়ে দিতে এবং ‘গ্রামীণ চায়না’ প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক ব্যবসা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী বিশেষত চীনে কর্মকাণ্ডের ওপর জোর দেন।

এ ছাড়া গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এইচ আই লতিফী ১৯৯০ সাল থেকে চীনে গ্রামীণ ট্রাস্টের কর্মকাণ্ড ও অগ্রগতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের চীনের সামাজিক ব্যবসা আন্দোলনে যোগদান করতে এবং এ আন্দোলনকে চীন ও চীনের বাইরে সম্প্রসারণের আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।