চীনের উত্থান বাংলাদেশের অপার সম্ভাবনা তৈরি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের অর্থনৈতিক উত্থান বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা তৈরি করবে। কিন্তু এই সম্ভাবনাকে বিনিয়োগে কাজে লাগাতে বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। এ জন্য রাজনৈতিক নেতাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি ব্যবসায়ী ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে এগিয়ে থাকা ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দেশের নীতিনির্ধারকদের বাংলাদেশ, ভারত ও চীনের ত্রিপক্ষীয় সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
শান্তি ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘চীনের উত্থান: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ভূকৌশলগত প্রভাব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারা ডিওএইচএসে বিআইপিএসএসের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বর্তমানে তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক ইনস্টিটিউটের মুখ্য গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মূল বক্তব্যে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ঢাকা ও চীনের বিস্তৃত ও গভীর সামরিক সম্পর্ক স্বাভাবিকভাবেই ভারতের কিছু উদ্বেগ তৈরি করতে পারে। কিন্তু কয়েকটি কারণে দিল্লির এ উদ্বেগকে ভিত্তিহীন বলা যেতে পারে। প্রথমত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের শাসন পদ্ধতির অতি গুরুত্বপূর্ণ উপাদান। বাহিনীগুলোর অস্ত্র দরকার, আর সুবিধাজনক দামে অস্ত্র ক্রয়ের সুপরিচিত উৎস চীন। জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সব সরকারেরই বাহিনীগুলোকে সরঞ্জামাদি দিতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের পাশে রয়েছে মিয়ানমার। এই দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার পেছনে রোহিঙ্গাই একমাত্র ইস্যু নয়। ২০০৮ সালে সমুদ্রসীমার বিরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল, যা শান্ত করার ক্ষেত্রে চীন ইতিবাচক ভূমিকা রেখেছিল। এ বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশের সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে। এ ক্ষেত্রে চীন সবচেয়ে ভালো সহায়তাকারী হতে পারে।
মূল বক্তব্যে ইফতেখার আহমেদ চৌধুরী আরও বলেন, চীন যে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে, তা বিশ্বের ইতিহাসে আর নেই। গবেষণাগুলো বলছে, ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত হবে।
চীনে দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মুন্সী ফয়েজ আহমেদ। তিনি বৈঠকে বলেন, প্রতিটি দেশের সঙ্গেই বাংলাদেশের নিজের স্বার্থ রক্ষা করে চলা উচিত। কেনাকাটার ক্ষেত্রেও দেশের স্বার্থ রক্ষা করা উচিত। অন্য বিক্রেতারা (দেশ) কী ভাবল, তা বিবেচ্য নয়।
চীনে বাংলাদেশের আরেক সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, ‘এ বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য রাজনৈতিকভাবেও আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে হবে।’