চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনে পৌঁছেছেন। আজ শুক্রবার সকালে  তিনি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে চীনের পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান।
আগামী সোমবার  বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি ঘোষণা দেওয়ার কথা৷ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না হারবারকে দিয়ে সোনাদিয়ায় প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত লি জুনও গতকাল আশা প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক ফল আসবে।