চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রোববার দুপুরে হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধিদল নিয়ে খালেদা জিয়া সে দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রাত্রি যাপন শেষে সেখান থেকে আজ চীন যাবেন। আগামী ১৯ অক্টোবর চীন থেকে ফেরার পথে তিনি আবার ব্যাংককে যাত্রাবিরতি করবেন। ২০ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে বলে জানান চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।খালেদা জিয়াকে বিদায় জানাতে গতকাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ওসমান ফারুক প্রমুখ।খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে যাওয়া বিএনপির নেতাদের ভিআইপি লাউঞ্জে ঢুকতে পুলিশ বাঁধা দিয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন মওদুদ আহমদ। এ ঘটনার নিন্দাও জানান তিনি।