চীনের একটি প্রতিষ্ঠান পদ্মা সেতুর দরপত্র কিনেছে
পদ্মা সেতু প্রকল্পের অধীন মূল সেতুর দরপত্র কিনেছে চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। গত রোববার থেকে দরপত্র দলিল ক্রয় শুরু হয়। গত ২৬ জুন সেতু বিভাগ মূল সেতুর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র দলিল সংগ্রহ এবং তা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুধু প্রাগেযাগ্য চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানই দরপত্র দলিল ক্রয় ও তা জমা দিতে পারবে। সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অন্য তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার পর্যন্ত একটি কোম্পানি দরপত্র কিনেছে। ২০১১ সালে সেতু বিভাগ স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন (দক্ষিণ কোরিয়া), চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (চীন), ডালিম-ভিসিআই (দক্ষিণ কোরিয়া) ও ভিন্সি-এইচসিসি (ফ্রান্স) প্রাগেযাগ্য হিসেবে নির্বাচন করে। এই চার ঠিকাদারি প্রতিষ্ঠানের কারিগরি দিক পরীক্ষা করে পুনরায় আর্থিক প্রস্তাবের জন্য দরপত্র আহ্বান করা হবে। সেখান থেকে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানিও (সিসিসিসি) প্রাগেযাগ্য হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের কালো তালিকায় থাকার কারণে তাদের পদ্মা সেতুর দরপত্র-প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। কারণ, নিজস্ব অর্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও পদ্মা সেতু প্রকল্পের পুরো দরপত্র কার্যক্রম বিশ্বব্যাংকসহ দাতাদের ঠিক করা নীতিমালা অনুযায়ী করা হচ্ছে।