চীনের জলবিদ্যুৎ প্রকল্পের কারণে ব্রহ্মপুত্রের পানি কমার অভিযোগ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতে ব্রহ্মপুত্র নদে চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদের ভারত অংশে পানিপ্রবাহ কমে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে বেইজিং গতকাল শুক্রবার এ অভিযোগ অস্বীকার করেছে। এ প্রকল্পের কথা ইতিমধ্যে ভারতকে জানানো হয়েছে বলেও দাবি করেছে।ব্রহ্মপুত্র তিব্বতে ইয়ারলাং সাংপো বলে পরিচিত। এটি ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশে ঢুকেছে। অরুণাচলে এটি সিয়াং নামে পরিচিত।অরুণাচল প্রদেশ রাজ্য সরকারের মুখপাত্র তাকো দাবি গত বৃহস্পতিবার বার্তা সংস্থাকে বলেন, চীন এই নদীর পানিপ্রবাহের গতি পাল্টে দিচ্ছে বলে তাঁরা সন্দেহ করছেন। এ কারণে ভারতের পাসিঘাট শহরের পয়েন্টে নদীর পানি প্রায় ৪০ ভাগ কমে গেছে।তাকো দাবির এই অভিযোগ অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই গতকাল সাংবাদিকদের বলেন, ইয়ারলাং সাংপোতে বাঁধ দিয়ে স্বায়ত্তশাসিত তিব্বতের জন্য জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, ‘এই প্রকল্পের কারণে ভারত বা অন্য কোনো অঞ্চলে পানিপ্রবাহে প্রভাব ফেলবে না। সর্বোপরি, চীন একেবারে পরিমিতভাবে এই নদী ব্যবহার করছে।’ হং লেই আরও বলেন, চীন পানিসম্পদ ব্যবহারের সময় ভাটি অঞ্চলে পানির প্রবাহ কমে যায় কি না, তা ভালোভাবে খেয়াল করে। তিনি জানান, ইয়ারলাং সাংপোর প্রকল্পের ব্যাপারে চীন ইতিমধ্যে ভারতকে অবহিত করছে। এএফপি।