চীনের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়নার কমিশনার লু ঝির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও লু ঝি। ছবি: দুদকের সৌজন্যে
চীনের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়নার কমিশনার লু ঝির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও লু ঝি। ছবি: দুদকের সৌজন্যে

দুর্নীতি দমন ও প্রতিরোধে সহযোগিতা বাড়াতে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল কমিশন অব সুপারভিশন অব চায়নার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। চীনা সংস্থাটির কমিশনার লু ঝির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশের পক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের কমিশনারের নেতৃত্বে একটি দলের সঙ্গে বৈঠক করে। বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, চীনের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে ২০১৭ সালের মার্চে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে একটি খসড়া স্মারক পাঠানো হয়েছে। দুদক প্রত্যাশা করে, এই স্মারকটি স্বাক্ষরের বিষয়ে চীনা প্রতিনিধিদল কার্যকর ভূমিকা রাখবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরে বলেন, দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন ও প্রতিরোধে এ–জাতীয় স্মারকের মাধ্যমে তথ্যের আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতার উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। উত্তম চর্চার বিকাশে চীন ও বাংলাদেশ নিজ নিজ দেশের উত্তম চর্চা বিনিময়ের মাধ্যমে নিজ নিজ দেশে নৈতিক মূল্যবোধ জাগাতে একত্রে কাজ করতে পারে।

ইকবাল মাহমুদ আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতার আলোকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও শিক্ষামূলক পরিকল্পনা নিয়ে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। দুর্নীতি প্রতিরোধে গবেষণালব্ধ এসব তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এই আলোচনা সভায় দুদক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

প্রসঙ্গত, ইতিমধ্যে অন্তত ৩১টি দেশি-বিদেশি দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে দুদক। দুদক সূত্র জানায়, যেসব সংস্থার সঙ্গে এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের অপরাধ ও দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), রাশিয়ার আইসিআরএফ (দ্য ইনভেস্টিগেটিভ কমিটি অব রাশিয়ান ফেডারেশন) ও ভুটানের অ্যান্টি করাপশন কমিশন।

এ ছাড়া এফবিআইসহ বিদেশি আরও ১৮টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন। এরই মধ্যে এসব দেশ ও সংস্থার প্রধানের কাছে দুদক থেকে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি এফবিআইয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দুদকের চেয়ারম্যানসহ তিন নির্বাহী বৈঠকও করেছেন।