চীনের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আমন্ত্রণ
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে সফররত শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ওয়াং জিয়ারুইয়ের সঙ্গে বৈঠককালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বেইজিংয়ে সিপিসির আন্তর্জাতিক বিভাগের দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সিপিসির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, শিল্প খাতে চীনের সহায়তা, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ২০ আগস্ট থেকে চীন সফর করছেন। তিনি সেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বাম রাজনৈতিক নেতাদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার রয়েছেন।