ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে রয়টার্সের বিশ্লেষণ
চীনের প্রভাব কমানোও মোদির সফরের লক্ষ্য

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন ও পানি বণ্টন চুক্তি সামনে রেখে ৬ জুন দুই দিনের সফরে প্রথমবারের মতো ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা মোদির দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমানোর অভিযানের অংশও বটে। যদিও বাংলাদেশ সামরিক সরঞ্জামের জন্য হয়তো বেইজিংয়ের ওপরই নির্ভরশীল থাকবে।
চীনের সঙ্গে কয়েক দশক ধরেই অস্বস্তিকর সম্পর্ক চলছে ভারতের। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের সামরিক সহযোগিতার সম্পর্কই অস্বস্তিকর এই পরিস্থিতির কারণ।
ভারত মহাসাগরে চীনের তথাকথিত ‘স্ট্রিং অব পার্লস’ (চীনের সামরিক ও বাণিজ্যিক স্থাপনার নেটওয়ার্ক এবং সাগরে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগপথ) নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। যার আওতায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের বন্দর উন্নয়নে তহবিল জোগান দিচ্ছে চীন।
ভারতের পার্লামেন্ট থেকে বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের অনুমোদন পেয়েছেন মোদি। ভারতে এর আগের সরকারগুলো অভ্যন্তরীণ নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে এটা করতে ব্যর্থ হয়। মোদি পানি বণ্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর (মমতা) বিরোধিতা থেকে সরে আসতেও প্রভাবিত করতে সক্ষম হন। সফরের সঙ্গে সম্পৃক্ত ভারতের একজন কর্মকর্তা বলেন, ‘খোলাখুলিভাবে বললে স্থলসীমান্ত চুক্তির মতো বিতর্কিত কিছু ইস্যু—এগুলো আমাদের কয়েক বছর আগে করা উচিত ছিল।’
বাংলাদেশ থেকে হাজার হাজার অভিবাসী ভারতে যাওয়ার বিষয়টি ভারতে একটি স্পর্শকাতর ইস্যু। মোদির হিন্দু জাতীয়তাবাদী দল নির্বাচনী প্রচারাভিযানে এ ইস্যুকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় আসার পর মোদি এ বিষয়ে নীরব থেকেছেন এবং বাংলাদেশে ভারতের উদ্দেশ্য নিশ্চিত করাকে গুরুত্ব দিয়েছেন।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চীন বিশেষজ্ঞ শ্রীকান্ত কোনডাপাল্লি বলেন, চীন তার দক্ষিণ এশিয়ার কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এটাই ভারতের উদ্বেগের বিষয়। তিনি বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পক্ষ থেকে যতবার ভারত সফর করা হয়, প্রায় ততবার বাংলাদেশ সফরও করা হয়। মোদি এটার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছেন।
মোদি ক্ষমতায় আসার পর এক বছরে পাকিস্তান বাদে সব প্রতিবেশীর কাছে পৌঁছাতে পেরেছেন। বাংলাদেশের একজন সাবেক সামরিক কর্মকর্তা ও ভারত বিশেষজ্ঞ বলেন, যেকোনো ভারতীয়র উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের বিষয়টি। চীনের দুটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন বাংলাদেশের কাছে বিক্রির পরিকল্পনাও নয়াদিল্লির জন্য উদ্বেগের।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপি আরআই) তথ্যমতে, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের কেনা অস্ত্রের ৮২ শতাংশই ছিল চীনের। এর মাধ্যমে চীনের কাছ থেকে শীর্ষ তিনটি অস্ত্র ক্রয়কারী দেশের একটি হয় বাংলাদেশ। এসআইপিআরআইয়ের তথ্য থেকে জানা যায়, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ চীনের কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ট্যাংক ও অন্যান্য অস্ত্র কিনেছে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা শাহেদুল আনাম খান বলেন, ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের সময় বাংলাদেশের বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ হয়ে উঠে চীন।
ভারতের আরেকটি উদ্বেগের কারণ হলো, চীন হয়তো যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েনের জন্য বাংলাদেশের জলসীমাকে আদর্শ জায়গা বলে মনে করছে। কারণ, বাংলাদেশ বঙ্গোপসাগর উপকূল ভাগাভাগি করে ভারত ও মিয়ানমারের সঙ্গে।
বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের মধ্যে এ সহযোগিতা স্বাভাবিক বিষয়।
চীন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সহায়তা দিচ্ছে। এ ছাড়া কক্সবাজারের সোনাদিয়ায় বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ পাওয়ার সম্ভাবনায় এগিয়ে চীনা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ভারতের আদানি গ্রুপও ওই প্রকল্পের কাজ পাওয়ার লড়াইয়ে ছিল।
ভারতের নৌবাহিনী চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক ঘনিষ্ঠতার বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কর্মকর্তারা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে সাগর দ্বীপে ভারতের নৌবাহিনী পর্যবেক্ষণ রাডার স্থাপন করছে। সেখানে সমুদ্রবন্দর করারও পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাকি চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে ভয় নয়। ভয় হলো বাড়ির পাশেই চীনের প্রভাব নিয়ে।’