চীনের প্রযুক্তি ও বিনিয়োগ দরকার বাংলাদেশের
চীনের প্রযুক্তি ও সঞ্চিত পুঁজি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য খুবই প্রয়োজন। আর সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য চীনেরও দরকার সহযোগিতামূলক নীতি। তাই বাংলাদেশ ও চীনের মধ্যে প্রযুক্তি, বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি দুই দেশকেই লাভবান করবে।
গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের কৌশলগত গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দলের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, একটা সময় ছিল যুক্তরাষ্ট্রের উত্থান। এর আগে ব্রিটিশদের। এখন সারা বিশ্বে অনেকগুলো অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছে। এর অন্যতম হচ্ছে ব্রিক দেশগুলো। এর নেতৃত্ব দিচ্ছে চীন ও ভারত। এরপর নাম আসে ‘নেক্সট ইলেভেন’ বা পরবর্তী ১১ দেশ। এর মধ্যে বাংলাদেশও আছে। চীন ও ভারত উঠতি অর্থনীতির দেশগুলোকে সহযোগিতার নীতি নিয়েছে সরকার।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, আয়তন, জনসংখ্যা, প্রযুক্তির উৎকর্ষ ও অর্থনৈতিক উন্নয়নের কারণে চীন নিজেই একটা বিশ্ব। বাংলাদেশকে চীনের সঙ্গে যুক্ত থেকে ওই দেশের বিনিয়োগ টেনে আনতে হবে।
আলোচনা সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, চীনের রাষ্ট্রদূত মা মিচিয়াং, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ বক্তব্য দেন।