চীনের প্রশংসায় বাংলাদেশের তিন মন্ত্রী
চীনের ব্যাংকিং খাত আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। দেশটি আগামী দিনে পৃথিবীর অর্থনৈতিক সুপারপাওয়ার। চীন তাদের বিভিন্ন কলা-কৌশল দিয়ে বাংলাদেশকে সহায়তা করছে। এভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের তিনজন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) আলোচনা সভায় ওই তিন মন্ত্রী এমন প্রশংসা করেন। ওই তিন মন্ত্রী হলেন—কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মতিয়া চৌধুরী বলেন, ‘চীনের বর্তমান ব্যাংকিং খাত আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। তারা এখন অনেক বিত্তের অধিকারী। তবে বিত্তের অধিকারী হয়ে সবাইকে চিত্তের দৈন্য ঘোচাতে হবে।’ তিনি বলেন, ‘চীন থেকে হাইব্রিড ধানের ফলন আমদানির পর আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। তাই জ্ঞানে-বিজ্ঞানে ও সংকটে যেন চীনের পাশাপাশি হাঁটতে পারি, সে জন্য আমাদের কাজ করে যেতে হবে।’
চীনের বিভিন্ন নীতির প্রশংসা করে রাশেদ খান মেনন বলেন, ‘হংকংয়ে গণতন্ত্রের নামে যে আন্দোলন হচ্ছে তা আমরা সমর্থন করি না। চীন যে সিদ্ধান্ত নেবে আমরা তার পক্ষে। আমরা চীনের পাশে আছি।’ তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্রাজ্যবাদীরা আগ্রাসন চালাচ্ছে। চীন-রাশিয়া যদি সবদিকে এগিয়ে আসে তাহলে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
হাসানুল হক ইনু বলেন, ‘আমরা মনে করি তাইওয়ান ও তিব্বত চীনের বৈধ অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমার দল ও আমি চীনের এক নীতিকে পছন্দ করি।’
বিদেশি কূটনৈতিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘চীন নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পদ্ধতি অবলম্বন করে বর্তমান অবস্থায় পৌঁছেছে। আমাদেরও নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি গ্রহণ করা দরকার। এখানে বিদেশি কারোর নাক গলানোর প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স চু গুয়াংঝু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান প্রমুখ। আলোচনা সভায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চীনা নাগরিকেরা উপস্থিত ছিলেন।