চীনের প্রশংসায় তিন মন্ত্রী
সরকারের তিনজন মন্ত্রী চীনের ভূয়সী প্রশংসা করে বলেছেন, চীনের ব্যাংকিং খাত যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতকে ছাড়িয়ে যাবে। চীনই হচ্ছে আগামী দিনে পৃথিবীর অর্থনৈতিক সুপারপাওয়ার।
গতকাল বৃহস্পতিবার চীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চীন সম্পর্কে এসব কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, চীনের বর্তমান ব্যাংকিং খাত আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। চীন এখন অনেক বিত্তের অধিকারী। তবে বিত্তের অধিকারী হয়ে চিত্তের দৈন্য ঘোচাতে হবে। তিনি বলেন, ‘চীন থেকে হাইব্রিড ধান আমদানির পর আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। তাই জ্ঞানে-বিজ্ঞানে ও সংকটে যেন চীনের পাশাপাশি হাঁটতে পারি সে জন্য আমাদের কাজ করে যেতে হবে।’
রাশেদ খান মেনন চীনের বিভিন্ন নীতির প্রশংসা করে বলেন, হংকংয়ে গণতন্ত্রের নামে যে আন্দোলন হচ্ছে তা আমরা সমর্থন করি না। চীন যে সিদ্ধান্ত নেবে আমরা তার পক্ষে। আমরা চীনের পাশে আছি।’
হাসানুল হক ইনু বলেন, ‘আমরা মনে করি তাইওয়ান ও তিব্বত চীনের বৈধ অংশ, অবিচ্ছেদ্য অংশ। আমি ও আমার দল চীনের একনীতিকে পছন্দ করি।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স চু গুয়াংঝু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান প্রমুখ। সভায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চীনা নাগরিকেরা উপস্থিত ছিলেন।