চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আগমন উপলক্ষে রাজধানীর রাজপথ সাজানো হয়েছে বর্ণিল সাজে। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আগমন উপলক্ষে রাজধানীর রাজপথ সাজানো হয়েছে বর্ণিল সাজে। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বার্তা নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

কম্বোডিয়া থেকে বিশেষ বিমানে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সি চিন পিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। সি চিন পিংয়ের এই সফরকে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

সফরকালে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনায় সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি তাঁর উন্নয়ন কৌশল ‘এক অঞ্চল, এক পথ’ বাস্তবায়নে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে গুরুত্ব দেবেন।

সি চিন পিংয়ের এই সফরের সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি যোগাযোগ, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক অর্থনীতি ও তথ্যপ্রযুক্তির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

চীনের প্রেসিডেন্টের সফরে দুই দেশ ২৫ টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করেছে।

আজ বিকেল তিনটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন সি চিন পিং। তিনি সেখানে শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। ওই বৈঠকের পাশাপাশি দুই নেতার একান্তে আলোচনার কথা রয়েছে।

এরপর হোটেল লা মেরিডিয়ানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলাদা আলাদাভাবে দেখা করবেন।

সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করবেন সি চিন পিং। পরে সেখানে তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

কাল শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সি চিন পিং। এরপর তিনি ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।