চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। তিনি এদিন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে মন্ত্রণালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

দুই দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শুক্রবার ঢাকায় আসছেন।

চীনের প্রেসিডেন্টকে কীভাবে দেখছেন জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘এটি একটি বড় ব্যাপার। এই সফরের ফলাফলের ওপর নজর রাখছি। এই সফরে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমাদের আগ্রহ রয়েছে।’ 

গাজীপুর ও টাঙ্গাইলে গত শনিবারের জঙ্গিবিরোধী অভিযানের প্রসঙ্গে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘অভিযানের বিস্তারিত আমার জানা নেই। বাংলাদেশের কর্মকর্তারা সব সময় বলে আসছেন পুলিশের এসব অভিযানের পাশাপাশি সারা দেশে সহিংস জঙ্গিবাদ দমনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শিক্ষা হলো সন্ত্রাসীদের আটক, হত্যা ও বিচার করাটা গুরুত্বপূর্ণ। তবে সন্ত্রাসবাদের মূলে যেতে না পারলে এসব পদক্ষেপ যথেষ্ট নয়। সহিংস জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের প্রয়াসের আমি প্রশংসা করি।’

দুই দেশের নিরাপত্তা সহযোগিতার প্রেক্ষাপটে গত সপ্তাহে ঢাকায় শেষ হওয়া নিরাপত্তা সংলাপ নিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে।