চীনের বাজারে আরও সুবিধা চেয়েছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ভারসাম্য কমাতে চীনের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে আরও সুবিধা চেয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ শনিবার গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে রাষ্ট্রপতি এই আশা প্রকাশ করেন।

বাসসের এক খবরে আবদুল হামিদ বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের একটি দেশ হওয়ার স্বপ্ন পূরণে চীন বাংলাদেশকে সহায়তা করতে তাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা, কৃষি ও জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনার ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি চীন বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বাড়াবে।

বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আধঘণ্টা ধরে বৈঠক চলাকালে দুই দেশের প্রেসিডেন্ট অর্থনীতি ও পারস্পরিক স্বার্থসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে চীনের তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করে আবদুল হামিদ আরও বলেন, বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হবে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালিত হবে। তিনি আরও বলেন, ‘চীন বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু দেশ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বিগত বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে।’

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি আরও বলেন, ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের মধ্য দিয়ে এই সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়।