চীনের বিনিয়োগ লাভজনক হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ লাভজনক হবে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে।
আজ মঙ্গলবার প্রেসিডেনশিয়াল বেইজিং হোটেলে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) ওই অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, ‘কুনমিং থেকে ঢাকায় দুই ঘণ্টার ফ্লাইটে আপনারা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের যে সম্ভাবনা রয়েছে, তা দেখে আসতে পারেন।’
মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় একটি গার্মেন্ট পল্লি নির্মাণে চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাংলাদেশে চীনের বিনিয়োগ লাভজনক
বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক গন্তব্য বলে উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশি বিনিয়োগের জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগেও অংশ নিতে পারেন। তাঁরা ফার্মাসিউটিক্যাল, সিরামিকস, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক ও রেলযোগাযোগ, পেট্রোকেমিক্যালস এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ করতে পারেন।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের বাজারগুলোর মধ্যে একটি চমত্কার জায়গা। বাংলাদেশ একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম-ইসি) দ্রুত অগ্রগতির অপেক্ষায় রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, চীনের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ অভিভূত। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি।
তিনি বলেন, ‘চীন বাংলাদেশে অন্যতম প্রধান উন্নয়ন ও সহযোগিতার অংশীদার। চীন আমাদের অবকাঠামো নির্মাণ প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে। এ ছাড়া আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে সহজ শর্তে ঋণ দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪-১৮ মেয়াদে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে চীনের সহযোগিতা চেয়েছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিপিআইটির চেয়ারম্যান জিয়াং জেংউই। চীনের ব্যবসায়ী নেতা এবং করপোরেট বডি, ম্যানুফ্যাকচারিং ও বাণিজ্যিক কোম্পানি, বিনিয়োগ গ্রুপ, নির্মাণ, বিদ্যুত্ উত্পাদন ও প্রকৌশল কোম্পানিগুলোর প্রধানেরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, চীনের সেনি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার চুই ইয়ংগিয়ান এবং নিংবো ফোর সিজন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার বাও বুইবং বক্তব্য দেন।

গার্মেন্ট পল্লি নির্মাণে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে একটি গার্মেন্ট পল্লি স্থাপনে আজ বেইজিংয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চীনের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এমওইউর আওতায় ওরিয়ন হোল্ডিং কোম্পানি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় একটি গার্মেন্ট পল্লি নির্মাণ করবে। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এবং ওরিয়ন হোল্ডিং কোম্পানির নির্বাহী কর্মকর্তা ট্যাং ঝিয়াওজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এমওইউতে স্বাক্ষর করেন।