চীনের বিনিয়োগ হবে দেশের জন্য বেশি লাভজনক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরকালে কত টাকার চুক্তি হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। এর মাধ্যমে বিনিয়োগ কত হবে, চীন কী পরিমাণ অর্থ ঋণ হিসেবে দেবে, শর্ত কী থাকবে—এসব জানা যাবে আরও কিছুদিন পরে।
ব্যবসায়ীরা মনে করছেন, এই সফরের ফলে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে। তা ছাড়া বিশাল জনসংখ্যার দেশ চীনের বাজার অনেক বড়। এ ক্ষেত্রে রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়াতে পারলে চীনে রপ্তানিও বহুগুণ বৃদ্ধি পাবে। আর অর্থনীতিবিদেরা মনে করেন, চীন থেকে বিনিয়োগ আনতে পারলে বাংলাদেশের অর্থনীতি বেশি লাভবান হবে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মিলিয়ে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা ব্যবসা ও বিনিয়োগ, সাগর অর্থনীতি, ভৌত অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও কৃষি বিষয়ে। এ ছাড়া ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করা হয়েছে। এগুলো হলো কর্ণফুলী নদীতে টানেল, শাহজালাল সার কারখানা, বাংলাদেশ ফোর টিয়ার ন্যাশনাল ডেটা সেন্টার, পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র; চট্টগ্রামে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন।
এ ছাড়া গতকাল চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ১ হাজার ৩৬০ কোটি ডলারের ১৩টি বিনিয়োগ চুক্তি হয়েছে। এসব চুক্তি মূলত অবকাঠামো ও জ্বালানি খাতের। আর গত বৃহস্পতিবার ব্যবসায়ী পর্যায়ে হয়েছে আরও ১৮ কোটি ৬০ লাখ ডলারের চুক্তি। এগুলো মূলত রপ্তানি চুক্তি।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধিদলের সদস্যরাও বাংলাদেশে এসেছেন। তাঁরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনাও হয়েছে। বাংলাদেশের উদ্যোক্তারা মনে করছেন, এর ফলে বাংলাদেশে চীনের বিনিয়োগ সামনের দিনগুলোতে আরও বাড়বে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, চীন বাংলাদেশকে সবচেয়ে বিনিয়োগযোগ্য দেশ হিসেবে মনে করছে। চীনা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে চীনা বিনিয়োগকারীদের ঢল নেমেছে। এতে অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও বাংলাদেশে আসবে। এটা বাংলাদেশের জন্য এক বিরাট সাফল্য।
তবে ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও অর্থনীতিবিদেরা চীনের চুক্তি ও সমঝোতা নিয়ে আরও বেশি আলোচনা করার কথা বলছেন। তাঁরা মনে করেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির দিকেই বেশি মনোযোগ দিতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেষ পর্যন্ত কয়টি চুক্তি এবং কয়টি সমঝোতা স্মারক হয়েছে, তা জানা নেই। চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য আছে। একটি লেখায় দেখলাম, ভারতীয় ডেপুটি হাইকমিশনার বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকালেও ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এক বছর পেরিয়ে গেছে, সেগুলোর ফলাফল কী হয়েছে? চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের ফলাফল কী হবে, তা ভবিষ্যৎ বলতে পারবে।’
মির্জ্জা আজিজুল ইসলাম আরও বলেন, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এটা দূর করা সম্ভব নয়। তবে কমানোর চেষ্টা করতে হবে। বাণিজ্য বাধা থাকলে তা দূর করতে হবে, নতুন পণ্য রপ্তানি করতে হবে। উৎপাদনশীল খাত, রপ্তানিমুখী খাত ও সমুদ্রে চীনা বিনিয়োগ টানার চেষ্টা করতে হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত না জানলে তা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে যেসব প্রকল্প আলোচনায় ছিল এবং পত্রপত্রিকায় উঠে এসেছে, সেসব প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে অর্থায়ন কীভাবে হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ক্রয়ের ক্ষেত্রে ‘বেস্ট ডিল’ হচ্ছে কি না, সেটা বিবেচ্য বিষয়।
জাহিদ হোসেন বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি, অর্থায়নে ২ শতাংশ সুদের হার, প্রক্রিয়া খরচ, প্রতিশ্রুতি বা কমিটমেন্ট ফি, কত বছরে পরিশোধযোগ্য (গ্রেস পিরিয়ড) ঋণ দেওয়া হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। দেখতে হবে, এসব প্রকল্প অন্য উপায়ে অর্থায়ন করা যেত কি না, সেখানে কী ধরনের শর্ত থাকত। ক্রয়ের ক্ষেত্রে দেখা যায়, সীমাবদ্ধতা থাকে। অর্থায়নকারী দেশ থেকে কিনতে বলা হয়। এতে অনেক সময় ১০০ ডলারের পণ্য ৫ থেকে ১০ ডলার বেশি দিয়ে কিনতে হয়। এটা তো একটা বাড়তি ব্যয়।’
জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ বেশির ভাগ ক্ষেত্রে ঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারে না। কিন্তু কমিটমেন্ট ফি থাকলে তা তো দিয়ে যেতে হবে। তবে এ ক্ষেত্রে প্রকল্প দ্রুত বাস্তবায়নের একটি তাগিদও থাকবে।
চীনা বিনিয়োগ সম্পর্কে জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ খুব কম। চীনা বিনিয়োগ এলে তা ভালো। বিশেষ করে বিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগ এনে ঝুঁকি ভাগাভাগি করা গেলে তা ইতিবাচক। তিনি এ দেশের রপ্তানিমুখী শিল্পের সহযোগী শিল্প স্থাপনে চীনা বিনিয়োগের তাগিদ দিয়ে বলেন, এতে পণ্য রপ্তানিতে সময় কমবে। বাংলাদেশ প্রতিযোগিতায় এগিয়ে যাবে।