চীনের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা লি চ্যাংচুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী শনিবার দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের আমন্ত্রণে সাত সদস্যের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলটি আসছে বলে গতকাল বুধবার ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের সময় চীনের প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ ছাড়া তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক সই হবে।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখার স্থায়ী কমিটির সদস্য লি চ্যাংচুন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা দার্শনিক কুনফুসিয়াসের মূর্তি হস্তান্তর করবেন।