চীনের সঙ্গে কাজ করছি, ভারতের সঙ্গেও: আশরাফ
বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ভারতের পাশাপাশি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যেমন চীনের সঙ্গে কাজ করছি, আবার আমরা ভারতের সঙ্গেও কাজ করছি। আমাদের সবার সঙ্গেই সম্পর্ক রাখতে হবে। একা আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব না।’
গতকাল শনিবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে বিদায় জানানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, চীন এখন যে পরাশক্তি, এটি মেনে নেওয়া উচিত। এখন পর্যন্ত যেহেতু দেশটির মনোভাব গঠনমূলক, তাই চীনকে নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা চীনের সঙ্গে পাঁচ-সাত বছর ধরে নিবিড়ভাবে কাজ করছি। পশ্চিমা বিশ্ব বলে, কিন্তু বাস্তবায়নে খুবই কম। কিন্তু চীন বাস্তবায়নে খুব তৎপর। কোনো সময়ই ফাঁকি দেয় না।’
চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরকে সফল আখ্যায়িত করে সৈয়দ আশরাফ বলেন, ‘কত টাকা দিল, কত চাল দিল, কত ডাল দিল—এটা নিয়ে খোঁচাখুঁচি করতে পারেন। বিষয়টা হলো কানেকটিভিটি। চীন আমাদের সঙ্গে আছে। এটাই একটা পরিপূর্ণ বিষয়।’ চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারত্বের উপাদান সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প-সাহিত্য, নিরাপত্তা, সবকিছু জড়িত। শুধু ব্যবসা-বাণিজ্য নয়। চীনের সঙ্গে আমাদের অনেক কিছু আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের এই অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষা। এটা আমাদের অগ্রাধিকার।’
দীর্ঘদিন পর কমিউনিস্ট চীনের কোনো প্রেসিডেন্টের সফর বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে—এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা এক সিস্টেমে চলে, আমরা এক সিস্টেমে চলি। আমরা তাদের সিস্টেম নিয়ে সমালোচনা করি না। তারাও আমাদের সিস্টেম নিয়ে সমালোচনা করে না।’